স্ত্রীর আপত্তিতে বন্ডের চরিত্র ফিরিয়েছিলেন লিয়াম নিসন

জেমস বন্ডের চরিত্রে অভিনয় করতে চান না, এমন অভিনেতা খুঁজে পাওয়া ভার। তাদের জন্য এটি স্বপ্নের চরিত্র।

জেমস বন্ডের চরিত্রে অভিনয় করতে চান না, এমন অভিনেতা খুঁজে পাওয়া ভার। তাদের জন্য এটি স্বপ্নের চরিত্র। তবে জিরো জিরো সেভেনের স্যুটে নিজেকে উপস্থাপনের প্রস্তাব পেয়েও তা অনায়াসে ফিরিয়ে দিয়েছিলেন লিয়াম নিসন। আমেরিকার মাসিক ম্যাগাজিন রোলিং স্টোনকে দেয়া এক সাক্ষাৎকারে এর পেছনের কারণ জানিয়েছেন হলিউডের এ অভিনেতা। 

১৯৯৩ সাল। শিন্ডলার্স লিস্ট সিনেমার জন্য তখন সবেমাত্র সেরা অভিনেতার অস্কার মনোনয়ন পেয়েছিলেন লিয়াম নিসন। সে সময় জেমস বন্ডের প্রযোজক বারবারা ব্রকোলি তার সঙ্গে কয়েকবার যোগাযোগ করেছিলেন। তাকে জেমস বন্ডের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেন বারবারা। কেন সিনেমার ইতিহাসের সবচেয়ে আইকনিক অ্যাকশন চরিত্রটি ফিরিয়ে দিলেন তিনি? লিয়াম নিসনের উত্তরে দায় গিয়ে পড়ল তার প্রয়াত স্ত্রী নাতাশা রিচার্ডসনের কাঁধে। এ অভিনেতা বলেন, ‘ব্রকোলিদের সঙ্গে আমার পরিচয় ছিল। তারা কয়েকজন অভিনেতার কথা ভেবেছিলেন। শিন্ডলার্স লিস্ট তখন মুক্তি পেয়েছে। বারবারা (ব্রকোলি) আমাকে দুবার কল দিলেন। আমি আগ্রহী কিনা জানতে চেয়েছিলেন। আমি বললাম, ‘‌হ্যাঁ, আমি আগ্রহী। তখন আমার হবু স্ত্রী বলল, “লিয়াম, আমি তোমাকে কিছু বলতে চাই। যদি তুমি জেমস বন্ডের চরিত্রে অভিনয় কর, তাহলে আমাদের বিয়ে হবে না”।’

স্ত্রীর প্রতি লিয়াম নিসনের ভালোবাসার কাছে পরাজিত হয়েছিল জেমস বন্ড চরিত্রে অভিনয়ের আকাঙ্ক্ষা। তাই তিনি ব্রকোলির কথায় গুরুত্ব দেননি। তবে নাতাশার কথা শুনে তার সঙ্গে মজা করেছিলেন লিয়াম। তার ভাষায়, ‘তার পেছনে গিয়ে আমি আমার আঙুলকে বন্দুকের মতো তার দিকে তাক করে জেমস বন্ডের থিম সং গুনগুন করছিলাম।’ তিনি বলেন, ‘তা করে আমি বেশ আনন্দ পেয়েছিলাম। সে আমাকে জেমস বন্ডের ব্যাপারে আলটিমেটাম দিয়েছিল। সে আক্ষরিক অর্থেই এমনটা করেছিল! নানা দেশের লাস্যময়ী সব নারীরা জেমস বন্ডকে বিছানায় সঙ্গ দেয়। আমি নিশ্চিত, নাতাশার এমন আলটিমেটামের পেছনে এটিই ছিল বড় কারণ।’

তবে জেমস বন্ডের চরিত্র ফিরিয়ে দিলেও টেইকেন ফ্র্যাঞ্চাইজি দিয়ে অ্যাকশন হিরোর চরিত্রে পর্দায় হাজির হন লিয়াম নিসন। এ সিরিজের তিনটি সিনেমায়ই তিনি ব্রায়ান মিলসের চরিত্রে অভিনয় করেছিলেন। ‘স্টার ওয়ারস: দ্য ফ্যানটম মিন্যাস’ সিনেমায়ও তাকে দেখা গিয়েছিল। তবে স্টার ওয়ারস ইউনিভার্সে ফেরার আপাতত কোনো ইচ্ছা নেই এ অভিনেতার। অনলাইন শো ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘না, আমি ফিরছি না। স্টার ওয়ারসে অনেক অতিরিক্ত বিষয় আছে। এ কারণে এর আবেদন আমার কাছে কমে গেছে। অদ্ভুতভাবে এর রহস্য ও ম্যাজিক সরিয়ে ফেলা হচ্ছে।’ লিয়াম নিসনের সর্বশেষ সিনেমা মার্লো এখন থিয়েটারে। ১৫ ফেব্রুয়ারি এটি মুক্তি পায়।

সূত্র: ভ্যারাইটি 

আরও