হলিউড বক্স অফিসে টানা দ্বিতীয় সপ্তাহেও শীর্ষে রয়েছে ‘প্রজেক্ট হেইল মেরি’। দ্বিতীয় সপ্তাহান্তে ৫ কোটি ৪৫ লাখ ডলার আয় করেছে সিনেমাটি। চলতি বছরে ‘স্ক্রিম ৭’ ও ‘হপার্স’-এর মতো কিছু হিট থাকলেও ‘প্রজেক্ট হেইল মেরি’ প্রথম ব্লকবাস্টারের দিকে এগোচ্ছে। এরই মধ্যে উত্তর আমেরিকায় আয় দাঁড়িয়েছে ১৬ কোটি ৪৩ লাখ ডলার।
ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, ‘প্রজেক্ট হেইল মেরি’র আয় প্রথম সপ্তাহের তুলনায় মাত্র ৩২ শতাংশ কমেছে, যা ইঙ্গিত দেয় যে সিনেমাটি দীর্ঘ সময় ধরে দর্শক টানতে পারবে। এ সাফল্য অ্যামাজন এমজিএম স্টুডিওসের জন্য ইতিবাচক। প্রতি বছর প্রায় এক ডজন সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা নিয়ে বড় পরিসরে বিনিয়োগ করছে কোম্পানিটি। এর আগে তারা স্বাধীনধর্মী সিনেমা ও স্ট্রিমিং-কেন্দ্রিক মুক্তির দিকে মনোযোগী ছিল। এখন আবার বড়পর্দার জন্য জনপ্রিয়ধর্মী সিনেমায় জোর দিচ্ছে।
এ সাফল্যের মাধ্যমে রায়ান গসলিংয়ের বক্স অফিস জনপ্রিয়তা আরো একবার প্রমাণিত হলো। বার্বি ও লা লা ল্যান্ড-খ্যাত এ তারকা ছবিটিতে একজন স্কুলশিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি পৃথিবী রক্ষার এক মরিয়া মিশনে নামেন। ছবিটির সাফল্য অনেকটাই তার অভিনয়ের ওপর নির্ভরশীল। ‘প্রজেক্ট হেইল মেরি’ পরিচালনা করেছেন ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলার।
দে উইল কিল ইউ সিনেমার দৃশ্য। ছবি: ওয়ার্নার ব্রস
অন্যদিকে, সপ্তাহান্তের একমাত্র বড় নতুন মুক্তি ‘দে উইল কিল ইউ’ ভরাডুবি করেছে। ২ হাজার ৭৭৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে এটি মাত্র ৫০ লাখ ডলার আয় করে তৃতীয় স্থানে রয়েছে। ওয়ার্নার ব্রস ও নিউ লাইন সিনেমার নির্মাণটির বাজেট ২ কোটি ডলার। তবে প্রেক্ষাগৃহ মালিকদের সঙ্গে আয়ের ভাগাভাগি থাকায় এটি স্টুডিওর জন্য হতাশাজনক ফল। এর আগে একই স্টুডিওর ‘দ্য ব্রাইড’ বিশ্বজুড়ে ২ কোটি ৩২ লাখ ডলার আয় করে বড় ধরনের ব্যর্থ হয়। ‘দে উইল কিল ইউ’ পরিচালনা করেছেন কিরিল সকলভ।
হরর ঘরানার সিনেমাগুলোর জন্যও সময়টা ভালো যাচ্ছে না। ‘রেডি অর নট ২: হিয়ার আই কাম’ দ্বিতীয় সপ্তাহে মাত্র ৪০ লাখ ডলার আয় করেছে। ফলে মোট আয় দাঁড়িয়েছে ১ কোটি ৬৩ লাখ ডলার।
চলতি সপ্তাহে হলিউড বক্স অীফসে দ্বিতীয় স্থানে রয়েছে ওয়াল্ট ডিজনি ও পিক্সারের ‘হপার্স’, আয় করেছে ১ কোটি ২২ লাখ ডলার চার সপ্তাহে উত্তর আমেরিকায় এর সম্ভাব্য আয় ১৩ কোটি ৮৬ লাখ এবং বিশ্বব্যাপী ২৯ কোটি ৭৬ লাখ ডলার।
বলিউডের থ্রিলার ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ ৪৭ লাখ ডলার আয় করে চতুর্থ স্থানে রয়েছে, যার মোট আয় ২ কোটি ২৮ কোটি ডলার। ২ হাজারের কম প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েও সিনেমাটি ‘দে উইল কিল ইউ’-এর সঙ্গে পাল্লা দিচ্ছে।
পঞ্চম স্থানে রয়েছে ‘রিমাইন্ডারস অব হিম’, যা ৪৭ লাখ ডলার আয় করে মোট ৪ কোটি ১১ লাখ ডলারে পৌঁছেছে। ইউনিভার্সেল পিকচার্সের এ সিনেমার বাজেট আড়াই কোটি ডলার।