দুই সিনেমার কাজ শেষ করলেন এলিনা শাম্মী

এখন নাটক ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন এ অভিনেত্রী। এরই মধ্যে দুটি সিনেমার ডাবিংয়ের কাজ শেষ করেছেন এলিনা।

একসময় উপস্থাপনা ও নাটক রচনায় ব্যস্ত ছিলেন এলিনা শাম্মী। তবে সময়ের সঙ্গে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। এখন নাটক ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন এ অভিনেত্রী। এরই মধ্যে দুটি সিনেমার ডাবিংয়ের কাজ শেষ করেছেন এলিনা। সিনেমা দুটি হলো জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’ ও নাজিরি সাগরের ‘দুঃসাহস’। দুটিতেই গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

অভিনয়ে ব্যস্ত হয়ে উঠলেও নাটক রচনার অভিজ্ঞতাও রয়েছে তার। নির্মাতা তপু খানের কাছেই নাটক রচনার হাতেখড়ি হয় শাম্মীর। ‘অ’-এর গল্পের ২২-২৩টি স্ক্রিপ্ট লিখেছেন তিনি, যেগুলো বেশ আলোচনায় এসেছিল। একসময় উপস্থাপনায়ও নিয়মিত ছিলেন। পরে অভিনয়েই মনোযোগী হন। রায়হান রাফির ওয়েবফিল্ম ‘জানোয়ার’-এ অভিনয়ের মধ্য দিয়ে একজন অভিনেত্রী হিসেবে প্রথম আলোচনায় আসেন এলিনা।

এরপর একে একে ‘প্রিয়তমা’, ‘গন্তব্য’, ‘ছায়াবৃক্ষ’, ‘মধ্যবিত্ত’, ‘জলরং’, ‘কসাই’, ‘বিউটি সার্কাস’, ‘রেডিও’ ও ‘লোকাল’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এলিনা শাম্মী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা মিজানুর রহমান লাবুর ‘আতরবিবি লেন’।

অভিনয়ের বাইরে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে তিন বছর শিক্ষকতাও করেছেন এ অভিনেত্রী। এটিকে জীবনের অন্যতম বড় প্রাপ্তি হিসেবে বিবেচনা করেন তিনি।

বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ততা তার। কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হলেও এখন অনেকটাই সুস্থ। এরই মধ্যে নতুন দুটি সিনেমার ডাবিংয়ের কাজ শেষ করেছেন। এ প্রসঙ্গে এলিনা শাম্মী বলেন, ‘এখন আমি একজন পেশাদার অভিনেত্রী। কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছি, তবে এখন কিছুটা সুস্থ। এরই মধ্যে দুটি সিনেমার ডাবিংয়ের কাজও শেষ করেছি। সিনেমা দুটি নিয়ে আমি আশাবাদী।’

আরও