প্রেক্ষাগৃহে আসছে আইশা খানের ‘শেকড়’

দীর্ঘদিন ধরে ভিন্ন গল্প আর শক্তিশালী চরিত্রের খোঁজে ছিলেন অভিনেত্রী আইশা খান।

একই ধাঁচের চরিত্রে বারবার অভিনয় করার চেয়ে বেছে বেছে কাজ করাই তার পছন্দ। সে কারণেই সাম্প্রতিক সময়ে ছোট পর্দায় তার উপস্থিতি তুলনামূলক কম।

ছোট পর্দায় কম উপস্থিতি নিয়ে তিনি বলেন, ‘একই ধাঁচের গল্পে কাজ করতে ভালো লাগে না। ওটিটির ক্ষেত্রেও প্রথম দিকে বেশকিছু প্রস্তাব এলেও পরে মনের মতো গল্প আর পাইনি। এ কারণে দর্শক হয়তো আমাকে কম দেখছেন। আমি সবসময় ভালো গল্প আর চরিত্রের অপেক্ষায় থাকি।’

কাজের বাইরের জীবনেও আইশা খান বেশ স্পষ্ট। গুঞ্জন বা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার চেয়ে কাজের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করতে আগ্রহী তিনি। সে কাজেরই একটি বড় স্বীকৃতি হিসেবে এবার দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে তার। ৩১ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত চলচ্চিত্র ‘শেকড়’।

নির্মাতা প্রসূন রহমান প্রথমে ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে মুক্তির সিদ্ধান্ত বদলান। পরে ফুটবল বিশ্বকাপ শেষে মুক্তির ঘোষণা দেয়া হয়। অবশেষে চূড়ান্তভাবে বড় পর্দায় আসছে সিনেমাটি। সিনেমা মুক্তি নিয়ে আইশা খান বলেন, ‘শেকড় আমার ক্যারিয়ারের খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। অবশেষে ছবিটি মুক্তি পাচ্ছে। অবসান হচ্ছে দীর্ঘ অপেক্ষার। দর্শক ছবিটি হলে গিয়ে দেখবেন, এটাই আমার প্রত্যাশা। আমি বিশ্বাস করি, গল্প আর চরিত্র দুটোই তাদের ভালো লাগবে।’

মানুষ ও মাটির চিরন্তন সম্পর্কের গল্প নিয়ে নির্মিত শেকড়ে আইশা খানের সঙ্গে অভিনয় করেছেন এফএস নাঈম, দিলারা জামানসহ আরো অনেকে। দেশে মুক্তির আগেই সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পেয়েছে। কানাডার টরন্টোয় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ায় (ইফসা) সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার হয়, যেখানে আইশার ‘ফাল্গুনী’ চরিত্রটি বিশেষভাবে দর্শক ও সমালোচকদের নজর কাড়ে।

অভিনয়ের পাশাপাশি উপস্থাপক হিসেবেও ব্যস্ত সময় পার করছেন আইশা। শিগগিরই শুরু হবে তার ‘সংবাদ’ সিনেমার শুটিং। পাশাপাশি বেছে বেছে নাটক ও ওটিটির কাজও করছেন তিনি।

আরও