ছোট পর্দার নাটক, ওয়েব কনটেন্ট ও বিশেষ প্রযোজনায় অভিনয় দিয়ে দর্শকের নজর কেড়েছেন তিনি। গত মাসে ‘শিকড়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায়ও অভিষেক হয়েছে এ অভিনেত্রীর।
এবার আবারো জুটি বেঁধে পর্দায় আসছেন ইরফান সাজ্জাদ ও আইশা খান। তাদের দেখা যাবে ‘জোসনায় ফেরা’ নাটকে। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। নাট্য পরিচালনায় ২৫ বছর পূর্তি উপলক্ষে চারটি ফিকশন নির্মাণ করছেন এ নির্মাতা। এরই অংশ হিসেবে নির্মিত হয়েছে জোসনায় ফেরা।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। এতে উঠে এসেছে সম্পর্কের নানা জটিলতা। না জেনে বা না বুঝে অনেক সময় মানুষ এমন কিছু কথা বলে কিংবা সিদ্ধান্ত নেয়, যা সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। আবার অনেক ক্ষেত্রে পুরো পরিস্থিতি না জেনেই অন্যকে বিচার করে ফেলার প্রবণতাও দেখা যায়। এসব বিষয়ের পাশাপাশি স্বামী-স্ত্রীর সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি কী ধরনের পরিবর্তন আনতে পারে, সে গল্পই তুলে ধরা হয়েছে নাটকটিতে।
নাটকটি প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘দর্শক এ সময় যে ধরনের নাটক দেখতে চায়, এটি তেমনই। নাটকের নাম শুনে মনে হতে পারে এটি শুধু ভালোবাসার গল্প। আসলে তা নয়। এটি শুধু রোমান্টিক গল্প নয়; স্বামী-স্ত্রীর সম্পর্কের নানা দিকও এখানে তুলে ধরা হয়েছে। বেশ বিরতির পর আইশা খানের সঙ্গে আবারো জুটি হয়ে কাজ করতে পেরে ভালো লাগছে। আশা করছি, আমাদের পর্দার রসায়ন আবারো দর্শকের ভালো লাগবে।’
নাটকটি নিয়ে আশাবাদী আইশা খানও। তিনি বলেন, ‘জোসনায় ফেরায় সম্পর্কের গল্পের পাশাপাশি মানুষের ভুল বোঝাবুঝি, বিচার করার প্রবণতা ও তৃতীয় ব্যক্তির কারণে তৈরি হওয়া জটিলতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। ইরফান সাজ্জাদের সঙ্গে এর আগেও কাজ করেছি। নতুন নাটকটিতে আমাদের পর্দার রসায়ন দর্শকের কাছে উপভোগ্য হবে।’
নাটকটিতে ইরফান সাজ্জাদ ও আইশা খান ছাড়াও অভিনয় করেছেন তামান্না জীম, দীপা খন্দকারসহ আরো অনেকে।
চয়নিকা চৌধুরী জানান, ২৫ বছরের ক্যারিয়ারে নানা অভিজ্ঞতা, পরিশ্রম, ভালোবাসা, আনন্দ-বেদনা ও প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি এখনো কাজ করে যাচ্ছেন। তার কাছে ব্যস্ততা মানেই সুস্থতা। ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে নির্মিত জোসনায় ফেরা নিয়েও আশাবাদী তিনি।
জানা গেছে, লেজার ভিশন প্রযোজিত নাটকটি আগামী মাসের মাঝামাঝি বৈশাখী টিভিতে প্রচার হবে।