গ্ল্যামার পেরিয়ে অ্যাকশনে রাশমিকা

সিনেমাটির টিজারে কাস্তে হাতে অ্যাকশন দৃশ্যে প্রতিপক্ষের মুখোমুখি হয়েছেন এ অভিনেত্রী। এমন অ্যাকশননির্ভর চরিত্রে আগে কখনো দেখা যায়নি রাশমিকাকে।

রোমান্টিক সিনেমার অভিনেত্রী হিসেবেই দর্শকের কাছে বেশি পরিচিত রাশমিকা মান্দানা। তবে নতুন সিনেমা ‘মাইসা’য় সেই পরিচিত অবয়ব থেকে বেরিয়ে ভিন্ন এক চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটির টিজারে কাস্তে হাতে অ্যাকশন দৃশ্যে প্রতিপক্ষের মুখোমুখি হয়েছেন এ অভিনেত্রী। এমন অ্যাকশননির্ভর চরিত্রে আগে কখনো দেখা যায়নি রাশমিকাকে। টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এ অভিনেত্রী।

গত রোববার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ‘মাইসা’র প্রথম টিজার। নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লের পরিচালনায় নির্মিত এ সিনেমায় গোণ্ড জনগোষ্ঠীর এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা। জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও হার না মেনে লড়াই করে নিজের পথ তৈরি করে নেয়া এক নারীর গল্পের আভাস মিলেছে টিজারে।

টিজারের শুরুতে রাশমিকার চরিত্রকে বলতে শোনা যায়, ‘আমি ক্লান্ত, আমি থেমে গেছি, আমি হেরে গেছি।’ এর পরই বদলে যায় দৃশ্যপট। হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়ায় তার চরিত্র। সামনে যত বাধাই আসুক, লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে। এরপর একের পর এক অ্যাকশন দৃশ্যের মধ্য দিয়ে চরিত্রটির লড়াকু মানসিকতার পরিচয় পাওয়া যায়।

টিজারে কাস্তে হাতে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে রাশমিকাকে। কখনো কাস্তে দিয়ে আঘাত করছেন, কখনো লাথি মেরে প্রতিপক্ষকে ঘায়েল করছেন। রয়েছে মোটরসাইকেল চালানোর দৃশ্যও। তবে টিজারের অন্যতম নজরকাড়া অংশ পানির নিচের লড়াই। সেখানে একাধিক প্রতিপক্ষের সঙ্গে সমানতালে লড়াই করতে দেখা গেছে তাকে।

এ চরিত্রের জন্য শারীরিকভাবেও কঠোর প্রস্তুতি নিতে হয়েছে রাশমিকাকে। সিনেমাটির শুটিংয়ের সময় গুরুতর চোটও পেয়েছিলেন তিনি। অভিনেত্রী জানিয়েছিলেন, একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় তার টেনডন ছিঁড়ে গিয়েছিল। চরিত্রটির জন্য রাশমিকার এ পরিশ্রমের ছাপ টিজারেও স্পষ্ট। বাণিজ্যিক সিনেমায় সাধারণত নায়িকাদের যে গ্ল্যামারনির্ভর উপস্থিতিতে দেখা যায়, মাইসায় তার বদলে শক্তিশালী এক নারীর চরিত্রে হাজির হয়েছেন তিনি। চরিত্রটির পোশাক, শারীরিক ভাষা ও অ্যাকশন দৃশ্যেও এসেছে ভিন্নতা।

মাইসায় রাশমিকার সঙ্গে অভিনয় করেছেন ঈশ্বরী রাও, গুরু সোমসুন্দরম, রাও রমেশ, রাহুল রবীন্দ্রন, সামুথিরাকানি, শিবা কন্দুকুরি, কার্তিক রঞ্জিনি, তারক পন্নাপ্পা ও নিধি সিং।

২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে মাইসার। তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

এর আগে রাশমিকাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে হিন্দি রোমান্টিক কমেডি-ড্রামা ‘ককটেল ২’-এ। ১৯ জুন মুক্তি পাওয়া সিনেমাটিতে তার সহশিল্পী ছিলেন শহীদ কাপুর ও কৃতি শ্যানন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও