ইতালির উৎসবে যাচ্ছে দেলুপি

তাওকীর ইসলাম পরিচালিত সিনেমা দেলুপি। গত বছর নভেম্বরে মুক্তি পায়। দেশের পাশাপাশি বিদেশে সিনেমাটি প্রশংসিত হয়েছে।

সাধারণ দর্শক যেমন পছন্দ করেছে, তেমনি দেলুপি নিয়ে ইতিবাচক সমালোচকরাও। রটারডাম চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল সিনেমাটি। সম্প্রতি দেলুপি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয় নির্মাতা অনুরাগ কাশ্যপ। তিনি এর পরিবেশক হয়েছেন। তবে নতুন খবর হলো, আজ ইতালির কারওয়ান ফেস্টে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

দেলুপির এ নতুন দুই অর্জন নিয়ে কথা হয় পরিচালক তাওকীর ইসলামের সঙ্গে। অনুরাগ কাশ্যপের যুক্ত হওয়া নিয়ে বণিক বার্তাকে তিনি বলেন, ‘অনুরাগ কাশ্যপ সিনেমাটি দেখার পর এর সঙ্গে যুক্ত হতে চাইলেন এবং পরিবেশক হন সিনেমাটির। এর ফলে এখন সিনেমাটি আন্তর্জাতিক মহলে নিয়ে যাবেন তিনি। আসলে একটা সিনেমার সঙ্গে যখন আরো অনেক মানুষ যুক্ত হয় তখন সেটি বেশি মানুষের কাছে পৌঁছে যায়।’

অনুরাগ কাশ্যপ সিনেমাজগতের বড় নাম। ফলে দেলুপির সঙ্গে তার নাম যুক্ত হওয়াতেই আন্তর্জাতিক মহলে সিনেমাটি নিয়ে চর্চা হবে। বাংলাদেশের সিনেমার জন্য এটি বড় বিষয়। তরুণ নির্মাতারা অনুপ্রেরণা পাবেন। তারা কীভাবে তাদের সিনেমা বড় পরিসরে নিতে পারেন তা জানতে চাইলে তাওকীর বলেন, ‘আসলে কাজটা ভালো করে করতে হবে। এখন তো তথ্যপ্রবাহ, কারো সঙ্গে যুক্ত হওয়া সহজ। সে জায়গা থেকে ভালো সিনেমা নির্মাণ করলে, ভালো কাজ করলে আন্তর্জাতিক মহলই আমাদের খুঁজে নেবে।’

কথোপকথনের এ সূত্র ধরেই তাওকীর ইসলাম জানালেন, তিনি গতকাল ইতালি গেছেন ‘দেলুপি’ নিয়ে। কারওয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হচ্ছে দেলুপি। তিনি বলেন, ‘আজ শুরু হচ্ছে কারওয়ান ফেস্ট। সেখানে উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে দেলুপি। আমাদের জন্য এটাও বেশ বড় একটা অর্জন। বিষয়টি অবশ্য এখনো প্রকাশ বা প্রচার হয়নি। তবে ফেস্ট থেকে দর্শকের সঙ্গে আমরা শেয়ার করব।’

মূলত মাটির কাছাকাছি থাকা মানুষের গল্প হওয়ার কারণে সাধারণ দর্শক পছন্দ করেছে দেলুপি। সেই সঙ্গে সিনেমাটিক জার্নিও ছিল দারুণ। একটি অঞ্চলের মাধ্যমে বড় পরিসরের একটি গল্পই বলেছেন তাওকীর ও তার টিম। তবে দেলুপির পরে কী? তাওকীর ইসলাম জানালেন, তিনি ছোটদের একটি সিনেমা নির্মাণ করছেন। ‘অদ্ভুত’ নামের এ সিনেমার কাজ এখন চলমান।

আরও