ফুয়াদ মিলার নতুন গান ‘কাণ্ডারি চল’

‘কাণ্ডারি চল’ গানটির মিউজিক ভিডিওর সমস্ত কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ২৪ জুন বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে এটি একযোগে উন্মুক্ত করা হবে। ভিডিওটি নির্মাণ করেছেন মিরাজ হোসেন এবং এর প্রযোজনার দায়িত্বে ছিল রানআউট ফিল্মস।

বিশ্বকাপ ফুটবলের 'নকআউট' পর্ব শুরুর আগেই ফুটবলপ্রেমীদের জন্য আসছে দারুণ এক চমক। মুক্তি পেতে যাচ্ছে বিশেষ গান ‘কাণ্ডারি চল’। তবে এ গানের মূল আকর্ষণ কেবল ফুটবল উন্মাদনাতেই সীমাবদ্ধ নয়, এর মাধ্যমে দীর্ঘ বিরতি কাটিয়ে আবার একসঙ্গে ফিরছেন দেশের জনপ্রিয় সংগীত জুটি ফুয়াদ আল মুক্তাদির ও মিলা।

এক সময় ‘তুমি কি সাড়া দেবে’, ‘বাপুরাম সাপুড়ে’ কিংবা ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’র মতো জনপ্রিয় সব গান উপহার দিয়ে শ্রোতাদের মাতাতেন এ জুটি। স্বাভাবিকভাবেই দীর্ঘ সময় পর তাঁদের নতুন গান নিয়ে ভক্তদের মাঝে বাড়তি আগ্রহ ও কৌতুহল তৈরি হয়েছে।

জানা গেছে, ‘কাণ্ডারি চল’ গানটির মিউজিক ভিডিওর সমস্ত কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ২৪ জুন বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে এটি একযোগে উন্মুক্ত করা হবে। ভিডিওটি নির্মাণ করেছেন মিরাজ হোসেন এবং এর প্রযোজনার দায়িত্বে ছিল রানআউট ফিল্মস।

গানটিকে বৈশ্বিক রূপ দিতে ফুয়াদ ও মিলার পাশাপাশি এতে যুক্ত হয়েছেন একঝাঁক দেশি-বিদেশি শিল্পী। কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, বাম্মি, সানজানা, নাইজেরিয়ার অলিবয় এবং র‍্যাপার ব্ল্যাক জ্যাং। গানটির কথা যৌথভাবে লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মোর্শেদ (শিহাব), অলিবয় ও ব্ল্যাক জ্যাং।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, কেবল এই গানের রেকর্ডিংয়েই শেষ নয়, গানটি প্রকাশের পর দেশজুড়ে বিভিন্ন কনসার্ট ও লাইভ ইভেন্টেও ফুয়াদ ও মিলাকে আবার একসঙ্গে মঞ্চ কাঁপাতে দেখা যাবে। বিশ্বকাপের নকআউট পর্বের টানটান উত্তেজনা আর ফুয়াদ-মিলার এই প্রত্যাবর্তন—সব মিলিয়ে ‘কাণ্ডারি চল’ চলতি ফুটবল মৌসুমের সবচেয়ে বড় মিউজিক্যাল ধামাকা হতে যাচ্ছে।

আরও