দুর্গাপূজার পশ্চিমবঙ্গে চার সিনেমা, এগিয়ে ‘একেনবাবু’

দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ‘দেশু ৭’, অনির্বাণ চক্রবর্তীর গোয়েন্দাধর্মী ‘একেন, কেরালায় কুরুক্ষেত্র’, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ এবং সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’— চারটি ছবির বিষয়বস্তু ও দর্শকগোষ্ঠী আলাদা

পশ্চিমবঙ্গে দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাওয়া চারটি বাংলা সিনেমার মধ্যে বক্স অফিসে চলছে প্রতিদ্বন্দ্বিতা। দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ‘দেশু ৭’, অনির্বাণ চক্রবর্তীর গোয়েন্দাধর্মী ‘একেন, কেরালায় কুরুক্ষেত্র’, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ এবং সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’— চারটি ছবির বিষয়বস্তু ও দর্শকগোষ্ঠী আলাদা। তবে এখন পর্যন্ত আয়ের হিসাবে এগিয়ে রয়েছে বইয়ের পাতা থেকে উঠে আসা একেনবাবু। তবে মাল্টিপ্লেক্সে প্রদর্শনীর সংখ্যায় শীর্ষে ‘দেশু ৭’।

স্থানীয় সংবাদমাধ্যম বরছে, ‘একেন, কেরালায় কুরুক্ষেত্র’ প্রথম সপ্তাহে আয় করেছে ৬ কোটি ৮০ লাখ থেকে ৬ কোটি ৯২ লাখ রুপির মধ্যে। ২০২৬ সালে মুক্তির প্রথম দিনে আয়ের হিসাবেও শীর্ষে রয়েছে এটি। গত মে মাসে মুক্তি পাওয়া ‘সপ্তডিঙার গুপ্তধন’-এর ব্যবসার রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার পথে ছবিটি।

অনির্বাণ চক্রবর্তীর অভিনীত পরিচিত গোয়েন্দা চরিত্র একেনবাবুকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার রহস্য। কেরালার মনোরম প্রেক্ষাপট, তদন্তের নানা বাঁক ও একেনবাবুর স্বভাবসুলভ হাস্যরসের সঙ্গে এবার যুক্ত হয়েছেন ঋত্বিক চক্রবর্তী ও রাইমা সেন। গোয়েন্দা গল্প ও কমেডির মিশেল ছবিটিকে দর্শকদের অন্যতম আকর্ষণে পরিণত করেছে।

আয়ের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। দুই বছর আগে মুক্তি পাওয়া ‘বহুরূপী’র সিকুয়েলটিতে অপরাধজগৎ, ছদ্মবেশ ও পুলিশি তদন্তের গল্প তুলে ধরেছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। অভিনয়ে রয়েছেন শিবপ্রসাদ, কৌশানী মুখোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত। ছবিটির আয় দাঁড়িয়েছে ৫ কোটি ৭৪ লাখ থেকে ৫ কোটি ৮২ লাখ রুপি। প্রাথমিকভাবে একেনবাবুর সিনেমার চেয়ে পিছিয়ে থাকলেও পরবর্তী সময়ে ব্যবধান কমেছে। সপ্তাহান্তে আয় আরো বাড়ার প্রত্যাশা রয়েছে।

অন্যদিকে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় জুটির ‘দেশু ৭’-এর আয় ৫ কোটি ৬৬ লাখ থেকে ৫ কোটি ৭৫ লাখ রুপির মধ্যে। দেবের পরিচালনায় নির্মিত ছবিটিতে প্রেম, সম্পর্কের টানাপড়েন ও অ্যাকশনের সমন্বয় রয়েছে। অনির্বাণ ভট্টাচার্যের প্রত্যাবর্তনও ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। প্রদর্শনীর সংখ্যায় এগিয়ে থাকলেও আয়ের হিসাবে আপাতত একেনবাবুর সিনেমার পেছনে রয়েছে এটি।

চারটি ছবির মধ্যে বিষয়বস্তুতে সবচেয়ে আলাদা সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। সাহিত্য, ঔপনিবেশিক শাসন ও প্রতিবাদের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যিক পরিচয় ও তার সৃষ্টির রাজনৈতিক তাৎপর্য তুলে ধরা হয়েছে। তবে প্রাথমিক বক্স অফিসের হিসাবে ছবিটি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে। এর আয় ১ কোটি রুপি ছাড়িয়েছে বলে খবর।

আরও