এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ) ঘিরে বরাবরই একত্রিত হন সংগীতাঙ্গনের বড় তারকারা। লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে গতকাল আয়োজিত এবারের আসরে উপস্থাপনা করেন স্নুপ ডগ।
ভিএমএর সাধারণ মনোনয়ন ও পুরস্কারের বাইরে নির্ভানা পেয়েছে ‘মাইকেল জ্যাকসন ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’। আর প্রথমবারের মতো দেয়া ‘আর্টিস্ট ডিরেক্টর’ সম্মান পেয়েছেন টেইলর সুইফট।
অনুষ্ঠানের সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে নেন টেইলর সুইফট। শোগার্ল-অনুপ্রাণিত ‘দ্য ফেট অব ওফেলিয়া’ গানের ভিডিওর জন্য এ পুরস্কার পান তিনি। প্রয়াত ডলি পার্টনকে উৎসর্গ করেন পুরস্কারটি।
‘দ্য ফেট অব ওফেলিয়া’ ছিল সুইফটের ২০২৫ সালের অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর প্রথম সিঙ্গেল। ভিএমএর পুরস্কার গ্রহণের সময় ডলি পার্টনকে ‘দ্য আলটিমেট শোগার্ল’ হিসেবে উল্লেখ করেন সুইফট।
লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে মঞ্চে দাঁড়িয়ে সুইফট বলেন, ‘আমি মনে করি, আমরা সবাই খুব ভাগ্যবান যে কিছু সময়ের জন্য ডলি পার্টনের সঙ্গে এই পৃথিবী ভাগ করে নিতে পেরেছি।’
পুরস্কারজয়ী কান্ট্রি সংগীতশিল্পী, গীতিকার ও ব্যবসায়ী ডলি পার্টন গত মাসে ৮০ বছর বয়সে মারা যান।
এর আগে ভিএমএর প্রথম ‘আর্টিস্ট ডিরেক্টর অনার্স’ও পান সুইফট। ক্যারিয়ারে তিনি ১৮টি মিউজিক ভিডিওর চিত্রনাট্য তৈরি ও পরিচালনা করেছেন। এর মধ্যে নতুন সিঙ্গেল ‘পেশেন্ট জিরো’-এর ভিডিওও রয়েছে, যা অনুষ্ঠানে প্রথমবারের মতো প্রদর্শন করেন তিনি।
সুইফট বলেন, ‘মিউজিক ভিডিওর চিত্রনাট্য লেখা ও পরিচালনা করতে আমি এত ভালোবাসি, তার প্রধান কারণ হলো আপনারা, ভক্তরা, এটিকে এত, এত আনন্দের করে তোলেন। আমরা কী তৈরি করছি, সেটা নিয়ে আপনারা সত্যিই ভাবেন।’
ভিএমএ সরাসরি সম্প্রচার করা হয় সিবিএস ও এমটিভিতে এবং স্ট্রিম করা হয় প্যারামাউন্ট প্লাসে। প্রধান কয়েকটি বিভাগে বিজয়ী নির্ধারণ করা হয় ভক্তদের ভোটে।
অন্য পুরস্কারগুলোর মধ্যে ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ম্যাডোনা। সাবরিনা কার্পেন্টারের সঙ্গে তার দ্বৈত গান ‘ব্রিং ইয়োর লাভ’ পেয়েছে ‘বেস্ট কলাবোরেশন’ পুরস্কার।
সাবরিনা কার্পেন্টারের সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে ম্যাডোনা বলেন, তাদের কাজের ধরন একে অপরের সঙ্গে ভালোভাবে মিলে যায়।
দুজনেরই পুরোনো ধাঁচে কাগজে গানের কথা লেখার অভ্যাস রয়েছে বলেও জানান তিনি। ম্যাডোনা বলেন, ‘তোমার সঙ্গে কাজ করাটা দারুণ ছিল। আর আমি এই গানটি ভালোবাসি।’
ব্ল্যাকপিঙ্কের সদস্য লিসা সিঙ্গেল ‘ড্রিম’-এর জন্য ‘বেস্ট পপ ভিডিও’ পুরস্কার পেয়েছেন। বড় সাদা ঝালরযুক্ত হাতার কালো পোশাক পরে অনুষ্ঠানে হাজির হন তিনি। পুরস্কার গ্রহণের সময় কান্নাজড়িত কণ্ঠে ‘লিলিস’ নামে পরিচিত তার ভক্তদের ধন্যবাদ জানান লিসা।
মুন পারসন ট্রফি হাতে নিয়ে লিসা বলেন, ‘আপনারা না থাকলে আমি এখানে আসতে পারতাম না। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ।’
এমটিভি ভিএমএ ২০২৬-এর বিজয়ীদের পূর্ণ তালিকা
ভিডিও অব দ্য ইয়ার: টেইলর সুইফট — ‘দ্য ফেট অব ওফেলিয়া’ — রিপাবলিক রেকর্ডস
বেস্ট নিউ আর্টিস্ট: সিয়েনা স্পাইরো — ক্যাপিটল রেকর্ডস
বেস্ট ড্যান্স: ম্যাডোনা — ‘কনফেশনস টু: দ্য ফিল্ম’ — ওয়ার্নার রেকর্ডস
আর্টিস্ট অব দ্য ইয়ার: ম্যাডোনা — ওয়ার্নার রেকর্ডস
বেস্ট কলাবোরেশন: ম্যাডোনা ও সাবরিনা কার্পেন্টার — ‘ব্রিং ইয়োর লাভ’ — ওয়ার্নার রেকর্ডস
বেস্ট পপ: লিসা — ‘ড্রিম’ (কেন্টারো সাকাগুচি ফিচারিং) — লাউড কোম্পানি/আরসিএ রেকর্ডস
সং অব দ্য ইয়ার: বিটিএস — ‘সুইম’ — বিগহিট মিউজিক
বেস্ট হিপ-হপ: কার্ডি বি ও কেহলানি — ‘সেইফ’ — আটলান্টিক রেকর্ডস
বেস্ট আরঅ্যান্ডবি: ব্রুনো মার্স — ‘আই জাস্ট মাইট’ — আটলান্টিক রেকর্ডস
বেস্ট অলটারনেটিভ: অলিভিয়া রদ্রিগো — ‘দ্য কিউর’ — গেফেন রেকর্ডস
বেস্ট লাতিন: ব্যাড বান্নি — ‘নুয়েভায়র্ক’ — রিমাস এন্টারটেইনমেন্ট
বেস্ট কে-পপ: বিটিএস — ‘সুইম’ — বিগহিট মিউজিক
বেস্ট কান্ট্রি: এলা ল্যাংলি — ‘চুজিন টেক্সাস’ — কলাম্বিয়া রেকর্ডস
বেস্ট ডিরেকশন: টেইলর সুইফট — ‘অপালাইট’ — রিপাবলিক রেকর্ডস
বেস্ট আর্ট ডিরেকশন: পিঙ্কপ্যানথেরেস — ‘স্টেটসাইড + জারা লারসন’ — ওয়ার্নার রেকর্ডস ইউকে/আটলান্টিক রেকর্ডস
বেস্ট সিনেমাটোগ্রাফি: ম্যাডোনা — ‘কনফেশনস টু: দ্য ফিল্ম’ — ওয়ার্নার রেকর্ডস
বেস্ট এডিটিং: সাবরিনা কার্পেন্টার — ‘হাউস ট্যুর’ — আইল্যান্ড
বেস্ট কোরিওগ্রাফি: ম্যাডোনা — ‘কনফেশনস টু: দ্য ফিল্ম’ — ওয়ার্নার রেকর্ডস
বেস্ট ভিজ্যুয়াল ইফেক্টস: আরিয়ানা গ্রান্ডে — ‘হেট দ্যাট আই মেড ইউ লাভ মি’ — রিপাবলিক রেকর্ডস