রাজধানীতে চার ব্যান্ড নিয়ে আয়োজিত হতে যাওয়া ‘সকারামা’ কনসার্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী মঙ্গলবার ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্টটি হওয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না।
আজ দুপুরে সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় কনসার্ট স্থগিতের বিষয়টি জানায় ব্যান্ড চিরকুট। আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী, অনুষ্ঠানটি আরও বড় পরিসরে আয়োজন করা হবে। পাশাপাশি পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি, নিরাপত্তাজনিত বিষয় এবং রাত ৮টার মধ্যে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করার সরকারি নির্দেশনাও বিবেচনায় নেয়া হয়েছে।
চিরকুটের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সকারামা’র নতুন তারিখ খুব শিগগির ঘোষণা করা হবে।
লিংক ৩ ও অ্যাফরডেবল ভেঞ্চার লিমিটেডের আয়োজনে ফুটবল ও সংগীতের মেলবন্ধন নিয়ে কনসার্টটির পরিকল্পনা করা হয়েছিল। এতে আর্জেন্টাইন ফুটবল তারকা ক্যানিজিয়ার উপস্থিত থাকার কথা ছিল। কনসার্ট স্থগিত হলেও ক্যানিজিয়ার বাংলাদেশ সফরের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসেনি বলে জানা গেছে।
‘সকারামা’য় চিরকুটের পাশাপাশি আর্টসেল, নেমেসিস ও অড সিগনেচারের পরিবেশনা করার কথা ছিল। এরই মধ্যে টিকিট বিক্রির মাধ্যম টিকিফাইয়ে তিনটি ক্যাটাগরিতে টিকিট বিক্রিও শুরু হয়েছিল।