ডিজনির বিরুদ্ধে জিনা কারানোর মামলা চালাবেন ইলন মাস্ক

অভিনেত্রী জিনা কারানো মামলা করেছেন ডিজনির বিরুদ্ধে। মামলার আরেক অভিযুক্ত লুকাসফিল্ম।

অভিনেত্রী জিনা কারানো মামলা করেছেন ডিজনির বিরুদ্ধে। মামলার আরেক অভিযুক্ত লুকাসফিল্ম। ২০২১ সালে এ দুই প্রতিষ্ঠান তাকে ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ থেকে সরিয়ে দেয়। সে সময় জিনা একটি টুইটে লিখেছিলেন, ‘রিপাবলিকান হওয়া, হলোকাস্টের সময় ইহুদি হওয়ার সমতুল্য।’ এ টুইটের কারণেই তাকে ম্যান্ডালোরিয়ান থেকে বাতিল করা হয়। সম্প্রতি ক্যালিফোর্নিয়া ফেডারেল কোর্টে মামলা করেছেন অভিনেত্রী। তার অভিযোগ, অন্যায়ভাবে সিরিজ থেকে বাদ দেয়া হয়েছে তাকে। বৈষম্যের শিকার হয়েছেন তিনি। তার দাবি, সিরিজে আবার তাকে ফিরিয়ে আনা এবং ৭৫ হাজার ডলার ক্ষতিপূরণ।

ইলন মাস্ক এ মামলার খরচ দিচ্ছেন। কেননা টু্‌ইটার বা এক্সে করা পোস্টের কারণে কারো ক্ষতি হলে তা নিয়ে লড়ার কথা আগেই বলেছিলেন মাস্ক। যদিও কারানোর ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্টটি প্রথম প্রকাশ হয়েছিল, পরবর্তী সময়ে টু্ইটার থেকে ডিজনির নজরে পড়েন অভিনেত্রী। এক্সের হেড অব বিজনেস অপারেশনস জো বেনারক এ নিয়ে বলেন, ‘স্বাধীন মতের প্রতি এক্স করপোরেশনের সমর্থনের প্রতিজ্ঞা রাখতে আমরা জিনা কারানোর মামলায় সহায়তা করছি। এতে আমরা গর্বিত। আমরা আশা করি, এর মাধ্যমে তিনিসহ অন্যান্যরাও স্বাধীন মত প্রকাশের পাশাপাশি বৈষম্য ছাড়া কাজ করতে পারবেন।’

দ্য ম্যান্ডালোরিয়ানে কারা দুন চরিত্রে অভিনয় করেছিলেন জিনা। কারা একজন বিদ্রোহী সেনা। সিরিজটি ডিজনি প্লাসে স্ট্রিম হয়েছিল। কিন্তু ২০২১ সালে একটি ইনস্টাগ্রাম পোস্ট তাকে প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে বিতর্কিত করে তোলে। তিনি লিখেছিলেন, ‘ইহুদিদের মারা হয়েছিল পথের ওপর। শুধু নাৎসি বাহিনী না, তাদের মেরেছিল প্রতিবেশীরা। এমনকি শিশুরা। কেননা ওই সময় প্রচার চালিয়ে প্রতিবেশীদের মধ্যে ইহুদিবিদ্বেষ তৈরি করা হয়েছিল। আজকে রাজনৈতিক দৃষ্টিকোণের জন্য কাউকে ঘৃণা করতে শেখানোর বিষয়টা ওই সময়ের সঙ্গে কোনো পার্থক্য রাখে না।’

কারানো তার মামলায় বলেছেন এ কথার কারণেই ডিজনি ও লুকাসফিল্ম তাকে ম্যান্ডালোরিয়ান থেকে বাদ দিয়েছে। কারণ তাদের ‘সাম্রাজ্যে’ এ ধরনের চিন্তা ও মতের কোনো জায়গা নেই।

সূত্র: ভ্যারাইটি

আরও