রকস্টারের পর নতুন সিনেমায় শাকিব

ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘রকস্টার’। সিনেমায় পেশাদার মিউজিশিয়ানের চরিত্রে দেখা গেছে তাকে।

চরিত্রের জন্য ওজন কমিয়ে লুকেও পরিবর্তন এনেছিলেন এ তারকা। আজমান রুশোর পরিচালনায় নির্মিত সিনেমাটি মুক্তির আগে থেকেই দর্শকমহলে বাড়তি আগ্রহ তৈরি করেছিল। নতুন এ লুক ও গল্প নিয়ে  অভিনয়ের ভিন্ন মাত্রা তুলে ধরেন শাকিব খান। এবার জানা গেল, আরেকটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন শাকিব।

রকস্টার মুক্তির পর পরই ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে থাইল্যান্ডের ব্যাংককে যান শাকিব। প্রায় এক সপ্তাহের শুটিং শেষে দেশে ফিরেই নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে আবার জুটি বাঁধছেন। রিয়াল এনার্জি প্রডাকশনের ব্যানারে নির্মিতব্য এ সিনেমার শুটিং শুরু হবে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর। বাংলাদেশ ও আরো কয়েকটি দেশে হবে সিনেমার দৃশ্যধারণ।

তবে সিনেমায় শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধারের পছন্দ টালিউড অভিনেত্রী ইধিকা পাল। শাকিবের সঙ্গে তার আগের দুটি সিনেমাই বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল।

অন্যদিকে পরিচালকের পছন্দের তালিকায় আছেন সাবিলা নূর। তিনি ‘তাণ্ডব’ সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন। শেষ পর্যন্ত কে হচ্ছেন নায়িকা, তা স্পষ্ট করেননি সংশ্লিষ্টরা। পরিচালক মেহেদী হাসান হৃদয় শুধু বলেছেন, সময় হলেই জানানো হবে, এজন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।

বর্তমানে অবকাশে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। প্রায় দেড় মাস সেখানে থাকার পরিকল্পনা রয়েছে তার। এ সময় বিশ্রামের পাশাপাশি প্রযোজক ও সংশ্লিষ্টদের সঙ্গে নতুন প্রকল্প নিয়েও বৈঠক করবেন বলে জানা গেছে।

দীর্ঘ এ সফর শেষে দেশে ফিরে হৃদয়ের নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেয়ার পাশাপাশি সোলজারের পরবর্তী কাজও এগিয়ে নেবেন তিনি। পাশাপাশি ২০২৭ সালের ঈদুল আজহার সিনেমা নিয়েও নতুন পরিকল্পনা করছেন শাকিব।

আরও