নতুন গল্প নিয়ে ফিরল ‘জ্ঞানী গণি’

এর আগের তিনটি পর্বও দর্শক উপভোগ করেছিলেন। হাস্যরসের মধ্যে বিদ্রূপ ও বুদ্ধিদীপ্ত কিছু বিষয় আনা হয়েছে। সব মিলিয়ে দর্শকের জন্য এটা ছিল একটা প্যাকেজ

পারিবারিক ড্রামা ও কমেডির সংমিশ্রণে জনপ্রিয় চরিত্র ‘জ্ঞানী গণি’। তাকে নিয়ে তিনটি ড্রামা নির্মিত হয়েছে। এ চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন। গণি আবারো ফিরছেন পর্দায়! দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্লাটফর্ম বঙ্গ নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল ড্রামা ‘জ্ঞানী গণি-০৪’। ইমরান ইমন পরিচালিত এ সিক্যুয়েলের মাধ্যমে দর্শকদের আবারো হাসাতে এবং ভাবাতে আসছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। ড্রামাটি এই বৃহস্পতিবার, আজ থেকে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে স্ট্রিম হবে।

এবারের গল্প আবর্তিত হয়েছে গ্রামে নতুন এক অতিথির আগমনকে কেন্দ্র করে। অতিবিদ্বান এ অতিথির আবির্ভাবে তৈরি হওয়া অদ্ভুত সব পরিস্থিতি ‘জ্ঞানী গণি’ কী পারবে তার বুদ্ধি দিয়ে সামাল দিতে? নাকি নিজেই জড়িয়ে যাবে কোনো বড় বিপদে? এ প্রশ্নের উত্তর মিলবে ‘জ্ঞানী গণি-০৪’-এর গল্পে।

ইমরান ইমন ড্রামাটি সম্পর্কে বলেন, ‘জ্ঞানী গণি চরিত্রটি দর্শকদের খুব কাছের। এবারের গল্পে আমরা জ্ঞানের মারপ্যাঁচে এক ভিন্ন রকম সামাজিক অসংগতি হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, প্রতিবারের ন্যায় এবারো দর্শক গণির কাণ্ডকারখানা উপভোগ করবেন।’

এর আগের তিনটি পর্বও দর্শক উপভোগ করেছিলেন। হাস্যরসের মধ্যে বিদ্রূপ ও বুদ্ধিদীপ্ত কিছু বিষয় আনা হয়েছে। সব মিলিয়ে দর্শকের জন্য এটা ছিল একটা প্যাকেজ।

শরাফ আহমেদ জীবন অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও হাত পাকিয়েছেন। কিন্তু এখনো দর্শক তাকে চরিত্রাভিনেতা হিসেবে দেখতে পছন্দ করেন। ‘জ্ঞানী গণি’তেও তিনিই দর্শকের আগ্রহের কেন্দ্র। এ গল্পে আরো অভিনয় করেছেন শবনম ফারিয়া, রাফিউল কাদির রুবেল, আদিয়াত জামান আয়ান, মানস বন্দ্যোপাধ্যায়, শাহাদাত শিশির, মাহমুদ আলম, সায়র নিয়োগী ও অন্যরা। নাটকটির চিত্রনাট্য ও সংলাপে উঠে এসেছে পারিবারিক বন্ধন ও বুদ্ধিমত্তার লড়াই।

নির্মাতারা জানাচ্ছেন হাসি, আনন্দ আর শেষ মুহূর্তে বিশেষ চমক থাকবে গল্পে। দেখা যাবে বঙ্গর ওয়েবসাইট ও অ্যাপে।

আরও