নাট্যপ্রেমীদের সঙ্গে আড্ডায় ফেরদৌসী মজুমদার

বরেণ্য এ অভিনেত্রীকে নিয়ে এবার বিশেষ আয়োজন করছে নাট্যদল অনুস্বর। ‘ফিরে দেখা: অনুস্বর সংলাপ-৪’ শীর্ষক এ অনুষ্ঠানে তিনি তার দীর্ঘ অভিনয়জীবন, মঞ্চনাটকের অভিজ্ঞতা, শিল্পচর্চা এবং ব্যক্তিগত জীবনপথ নিয়ে দর্শক-নাট্যপ্রেমীদের সঙ্গে সরাসরি কথা বলবেন।

বাংলাদেশের নাট্যচর্চার উজ্জ্বল নাম ফেরদৌসী মজুমদার। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন তিনি।

বরেণ্য এ অভিনেত্রীকে নিয়ে এবার বিশেষ আয়োজন করছে নাট্যদল অনুস্বর। ‘ফিরে দেখা: অনুস্বর সংলাপ-৪’ শীর্ষক এ অনুষ্ঠানে তিনি তার দীর্ঘ অভিনয়জীবন, মঞ্চনাটকের অভিজ্ঞতা, শিল্পচর্চা এবং ব্যক্তিগত জীবনপথ নিয়ে দর্শক-নাট্যপ্রেমীদের সঙ্গে সরাসরি কথা বলবেন।

আগামী ২৫ জুলাই শনিবার বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এ আয়োজন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

ফেরদৌসী মজুমদার বলেন, ‘অভিনয় আমার কাছে শুধু একটি পেশা নয়, এটি আমার জীবনযাপন। মঞ্চ আমাকে মানুষকে জানতে, সমাজকে বুঝতে এবং নিজেকে বারবার আবিষ্কার করতে শিখিয়েছে। নতুন প্রজন্মের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ সবসময়ই আমাকে আনন্দ দেয়।’

তিনি আরও বলেন, ‘নাটক মানুষের মানবিক বোধ জাগ্রত করে। প্রযুক্তির এই সময়ে মঞ্চনাটকের আবেদন কমে যায়নি; বরং নতুন প্রজন্মের অংশগ্রহণই এর ভবিষ্যৎকে আরো সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।’

অনুস্বর জানায়, প্রতিষ্ঠার তৃতীয় বার্ষিকী উপলক্ষে ২০২২ সালে ‘অনুস্বর সংলাপ’ আয়োজনের সূচনা হয়। প্রথম আয়োজনে অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। এরপর ধারাবাহিকভাবে দেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্বদের নিয়ে এই সংলাপের আয়োজন করে আসছে সংগঠনটি।

ফেরদৌসী মজুমদারকে নিয়ে এবারের সংলাপও নাট্যপ্রেমী ও তরুণ শিল্পীদের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় আসর হয়ে উঠবে। এমন প্রত্যাশা আয়োজকদের।

আরও