পরপর দুই পুরস্কারে উচ্ছ্বসিত তমা মির্জা

পর পর দুটি পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে তমা মির্জা বলেন, ‘পর পর দুটি পুরস্কার পেয়ে অনেক ভালো লেগেছে। ঢালিউড অ্যাওয়ার্ড যারা দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা।’

অভিনয়ের পাশাপাশি নতুন পেশাগত পরিচয় গড়ে তুলছেন অভিনেত্রী তমা মির্জা। কয়েক মাস ধরে একটি বেসরকারি ব্যাংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস বিভাগে সহকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন তিনি। এর মধ্যেই অভিনয়ের জন্য পরপর দুটি পুরস্কার অর্জন করেছেন এ অভিনেত্রী। ‘আমলনামা’ ওয়েব ফিল্মের জন্য দ্য ডেইলি স্টার-ব্লেন্ডার্স চয়েস ওটিটি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। এর একদিন পর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ডেও পুরস্কৃত হয়েছেন।

পর পর দুটি পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে তমা মির্জা বলেন, ‘পর পর দুটি পুরস্কার পেয়ে অনেক ভালো লেগেছে। ঢালিউড অ্যাওয়ার্ড যারা দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা।’

গত বছর মুক্তি পাওয়া ‘আমলনামা’ ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য দর্শকের প্রশংসা পেয়েছিলেন তমা। এবার সে কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কারও এসেছে তার ঝুলিতে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমলনামার জন্য পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগছে। অনেক খুশি আমি। যারা আমলনামা দেখেছেন, সবাই খুব প্রশংসা করেছেন। সবার কাছ থেকে ইতিবাচক মন্তব্য পেয়েছি। চরিত্রটিতে অভিনয় করার অনেক সুযোগ পেয়েছিলাম। খুব ভালো একটি কাজ ছিল।’

ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন রায়হান রাফী। পরিচালকের কাজের ধরন নিয়ে তমা বলেন, ‘পরিচালক অনেক যত্ন নিয়ে কাজটি করেছেন। তার পরিচালনা মানেই ভিন্ন কিছু। আমলনামায়ও সেই ভিন্নতা ও মেধার পরিচয় দিয়েছেন।’

‘নদীজন’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তমা। এরপর ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র মতো সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। বিভিন্ন সিনেমা ও ওয়েব ফিল্মে কাজের অভিজ্ঞতা থেকে অভিনয় নিয়ে নিজের প্রত্যাশাও তৈরি হয়েছে। এখন মানসম্পন্ন কাজ বেছে নেয়ার দিকেই বেশি মনোযোগী হতে চান এ অভিনেত্রী।

তমা বলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে নিজের ভেতরে একটা দায়বদ্ধতা কাজ করে। সে দায়বদ্ধতা হচ্ছে ভালো ও মানসম্পন্ন কাজ করার। বেশকিছু ভালো কাজ আমি করেছি। যে কারণে এখন ভালো কাজ দিয়েই আগামীর দিনগুলো পার করতে চাই। বেছে বেছে সুন্দর সুন্দর কাজ করতে চাই, যেখানে অভিনয় করার সুযোগ পাব। আশা করছি, সামনে কিছু ভালো কাজের খবর দিতে পারব। সেভাবেই এগোচ্ছি।’

আরও