সীমান্তের জীবনসংগ্রামের গল্প ‘ডাঙগোয়াল’

লালমনিরহাটের সাংস্কৃতিক কর্মী শাহীদুজ্জামান লাবলুর জীবনের সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জ্যোতির্ময় রায়।

কাঁটাতার, চোরাচালান ও সীমান্তবর্তী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মাণ হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ডাঙগোয়াল। লালমনিরহাটের সাংস্কৃতিক কর্মী শাহীদুজ্জামান লাবলুর জীবনের সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জ্যোতির্ময় রায়।

সীমান্ত এলাকায় গরু, চোরাই পণ্য কিংবা মানুষ পারাপারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্থানীয়ভাবে ‘ডাঙগোয়াল’ বলা হয়। এ শব্দকে কেন্দ্র করেই চলচ্চিত্রটির গল্প তৈরি হয়েছে। এতে সীমান্তঘেঁষা মানুষের জীবন, সেখানকার নানা সংকট এবং টিকে থাকার বাস্তবতা তুলে ধরা হয়েছে।

ছিটমহল ও সীমান্ত এলাকার ঘটনা নিয়ে কাজ করার আগ্রহ থেকেই চলচ্চিত্রটির ভাবনা আসে নির্মাতার। জ্যোতির্ময় রায় বলেন, ‘‌অনেক দিন ধরে ছিটমহল ও সীমান্তের ঘটনা নিয়ে কাজ করার পরিকল্পনা করছিলাম। লাবলু ভাইয়ের একটি নাটক দেখে বিস্মিত হয়ে তার সঙ্গে দেখা করি। তখন তিনি আমাকে নিজের বাস্তব জীবনের গল্প শোনান। সে ঘটনা এবং তা নিয়ে নাটক লেখার সময় তার ভেতরের মানসিক টানাপড়েন থেকেই এ স্বল্পদৈর্ঘ্যের জন্ম।’

শাহীদুজ্জামান লাবলুর জীবনের সে অভিজ্ঞতার পাশাপাশি নাটক লেখার সময় তার ভেতরের মানসিক টানাপড়েনও চলচ্চিত্রটির গল্পের অংশ হয়েছে। বাস্তব ঘটনা থেকে উঠে আসা এ কাহিনীকে পর্দায় রূপ দিতে অভিনয় করেছেন দীপক কুমার গোস্বামী, দিলরুবা দোয়েল, শাহানা সুমি, উজ্জ্বল মিয়া ও বিধান রায়। এছাড়া ভাটিবাড়ি লোক নাট্যদলের সদস্যরাও চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

ডাঙগোয়াল এখন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানোর প্রস্তুতি চলছে। নির্মাতা জানিয়েছেন, উৎসব পর্ব শেষে সাধারণ দর্শকের জন্য চলচ্চিত্রটি ওটিটি প্লাটফর্ম অথবা ইউটিউবে প্রকাশ করা হবে।

আরও