গতকাল সন্ধায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হলো গৌড়নাট নাট্যদলের নাটক ‘রাজার নতুন জামা’। এদিন ছিল প্রযোজনাটির দ্বাদশ মঞ্চায়ন। নাটকের কাহিনীতে উঠে এসেছে রাজার পোশাকপ্রীতি। প্রতিদিনই চাই তার নতুন পোশাক। রাজ্য গোল্লায় যাক। তাতে কিছু আসে-যায় না। চাই শুধু নিত্যনতুন পোশাক। রাজার এ অতি বিলাসিতার কাজে সহায়তা করে কিছু চাটুকার রাজন্যবর্গ। মহারাজ যাতে জনসেবার কথা চিন্তা না করে কেবল নিজ স্বার্থ আর রাজদরবারে নিয়োজিত ব্যক্তিদের কল্যাণের কথাই ভাবে, সে ব্যাপারে বুদ্ধির পুরোটাই খরচ করে এরা। ঘটনাক্রমে রাজার জন্মদিনের নতুন পোশাক তৈরির কথা শুনে এক চালাক তাঁতি হাজির হয় রাজদরবারে। অযোগ্য রাজা আর তার ধুরন্ধর কিছু চাটুকার রাজন্যবর্গের আসল চেহারা অতি সূক্ষ্ম কৌশলে প্রজাদের সামনে উপস্থাপনের এই তো সুযোগ। বুদ্ধির জোরে তাঁতিরা রাজাকে তাদের তৈরি পোশাক পরতে রাজি করাতে সক্ষম হয়। রাজার এ পোশাকই বলে দেবে রাজ্যের কারা যোগ্য আর কারা অশুভ শক্তি। এমন অভিনব পদ্ধতির কথা শুনে রাজামশাই তো বেজায় খুশি। এভাবেই নানা ঘটনার ঘনঘটার মধ্য দিয়ে এগোতে থাকে নাটকের কাহিনী।
গৌড়নাট নাট্যদলের এ নাটক লিখেছেন হ্যান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন। বাংলা রূপান্তর করেছেন কবি আসাদ চৌধুরী। নাটকটির নির্দেশনা দিয়েছেন প্রখ্যাত নাট্য নির্দেশক, নাট্যকার ও নাট্যভিনেতা আহাদ শুভ। নাটকটিতে সহযোগিতা করেছে হাতিম গ্রুপ, বেবি বাজার শপ, ধানশালিক স্টুডিও, কমল মিডিয়া ও তেপান্তর স্টুডিও। নাটকটিতে অভিনয় করেছেন যথাক্রমে রেজাউল করিম, আহাদ শুভ, তারেকুল ইসলাম, মামুন, মুন্নি, মারুফা, সামিয়া, সাদিয়া, সুবর্ণাসহ আরো অনেকে।