সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার

বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন, সিনেমা হল আধুনিক করা এবং দর্শককে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে সরকার সমন্বিত উদ্যোগ নেবে।

দেশের চলচ্চিত্র প্রদর্শন খাতকে নতুন করে সাজাতে বড় উদ্যোগ নেয়ার কথা ভাবছে সরকার। বন্ধ হয়ে যাওয়া ও আর্থিক সংকটে থাকা সিনেমা হলগুলো আবার চালু করা, আধুনিক সুযোগ-সুবিধা তৈরি এবং দর্শককে আবার হলমুখী করতে ১ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী গত রোববার বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সরকারের এ উদ্যোগের কথা তুলে ধরেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিনেমা হল মালিকদের বিভিন্ন দাবি ও চলচ্চিত্র প্রদর্শন খাতের বর্তমান সমস্যা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন, সিনেমা হল আধুনিক করা এবং দর্শককে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে সরকার সমন্বিত উদ্যোগ নেবে। তহবিল গঠনের প্রস্তাবটি গুরুত্ব দিয়ে দেখা হবে। এ অর্থ বরাদ্দের বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’

দেশের অনেক সিনেমা হল দীর্ঘদিন ধরে আর্থিক সংকট, প্রযুক্তির অভাব ও দর্শক কমে যাওয়ায় সমস্যায় রয়েছে। অনেক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গেছে। আবার অনেক হলের পুরনো প্রযুক্তি ও অবকাঠামোর কারণে দর্শক আকর্ষণ কঠিন হয়ে পড়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘সিনেমা হল মালিকদের কিছু দাবি পূরণে সরকারের নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন। আবার কিছু বিষয় বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সমাধান করা সম্ভব।’

তিনি আরো বলেন, ‘প্রস্তাবিত তহবিলের বিষয়ে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি এ অর্থ কীভাবে ব্যবহার করলে মাল্টিপ্লেক্স ও সাধারণ সিনেমা হল—দুই ধরনের প্রেক্ষাগৃহই উপকৃত হবে, তা বিবেচনা করা হবে।’

আরও