এ প্রজন্মের অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম। একের পর এক নাটকে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি তার অভিনীত ভিকি জাহেদের ‘বিষপাখি’, আদিফ হাসানের ‘পেট্রোল’ ও মেহেদী হাসান জনির ‘আহা একি মায়া’ দর্শকের মধ্যে সাড়া ফেলেছে।
গত ২৫ সেপ্টেম্বর ইউটিউবে প্রকাশিত হয় ভিকি জাহেদের বিষপাখি। এতে জিমের সহশিল্পী ছিলেন আনোয়ারুল আলম সজল ও মীর রাব্বি। গল্পে সজলের সঙ্গে জিমের প্রেমের সম্পর্ক থাকলেও এক পর্যায়ে গ্রামের প্রভাবশালী এক ব্যক্তির প্রেমের ফাঁদে পড়ে তার চরিত্রটি। শেষ পর্যন্ত মর্মান্তিক পরিণতি ঘটে মেয়েটির। ব্যতিক্রমী এ চরিত্রে জিমের অভিনয় দর্শকের নজর কেড়েছে। প্রকাশের পর নাটকটি ইউটিউবে ২৩ লাখের বেশিবার দেখা হয়েছে।
জিম জানান, বিষপাখি নাটকে গ্রামের সাধারণ এক মেয়ের ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। ভিকি জাহেদের পরিচালনায় চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। নাটকটি প্রকাশের পর দর্শকের কাছ থেকে ভালো সাড়া পেয়েছেন বলেও জানান এ অভিনেত্রী।
অন্যদিকে আদিফ হাসানের পেট্রোল নাটকেও ভিন্নধর্মী গল্পে অভিনয় করেছেন জিম। এতে তার সহশিল্পী ছিলেন জোনায়েদ বোগদাদী। নাটকটি ইউটিউবে ১৭ লাখের বেশিবার দেখা হয়েছে। এ নাটক নিয়েও দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানান জিম।
সাম্প্রতিক সময়ে জিমের আলোচিত কাজগুলোর মধ্যে রয়েছে মেহেদী হাসান জনির ‘আহা একি মায়া’। ১১ অক্টোবর ইউটিউবে প্রকাশিত নাটকটিতে তার সহশিল্পী আরশ খান। এর আগে আরশ খানের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করেছেন জিম। পর্দায় তাদের রসায়ন দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। নতুন নাটকটিতেও দুজনের অভিনয় দর্শকের আগ্রহ বাড়িয়েছে। প্রকাশের অল্প সময়ের মধ্যে নাটকটি ৪০ লাখের বেশিবার দেখা হয়েছে।
জিম জানান, আহা একি মায়া নাটকটি অল্প সময়ের মধ্যে দর্শকের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। আরশ খানের সঙ্গে তার জুটি দর্শকের পছন্দ বলেই নাটকটি দ্রুত বেশি দর্শকের কাছে পৌঁছেছে বলে মনে করেন তিনি।