এমএস সুব্বুলক্ষ্মী হয়ে পর্দায় আসছেন রাশমিকা

রাশমিকা যে কিংবদন্তির কথা বলছেন, তিনি আর কেউ নন—ভারতের সংগীত ইতিহাসের অন্যতম মহান প্রতীক, কর্ণাটকী সংগীতশিল্পী ও প্রথম ভারতরত্নপ্রাপ্ত গায়িকা এমএস সুব্বুলক্ষ্মী।

‘কিছু কিংবদন্তি সময়কে অতিক্রম করে বেঁচে থাকেন। কিছু সুর প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে। আর কিছু গল্প অপেক্ষা করে সঠিক মুহূর্তে বলার জন্য। আজ সেই যাত্রার শুরু। আর এর অংশ হতে পারা আমার জন্য কতটা পরম সম্মানের, তা ভাষায় প্রকাশ করা কঠিন’—রাশমিকা মান্দানার ইনস্টাগ্রাম পোস্টের এ কথাগুলো একই সঙ্গে একটি ঘোষণা ও শ্রদ্ধার্ঘ্য। রাশমিকা যে কিংবদন্তির কথা বলছেন, তিনি আর কেউ নন—ভারতের সংগীত ইতিহাসের অন্যতম মহান প্রতীক, কর্ণাটকী সংগীতশিল্পী ও প্রথম ভারতরত্নপ্রাপ্ত গায়িকা এমএস সুব্বুলক্ষ্মী। তার বায়োপিকে মূল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন রাশমিকা মান্দানা। তার জীবন, সংগীত ও উত্তরাধিকার এবার উঠে আসবে বড় পর্দায়। সুব্বুলক্ষ্মীর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সিনেমাটির নাম ও প্রথম লুক উন্মোচন করা হয়, যেখানে কমল হাসান ও আল্লু অরবিন্দের মতো মহাতারকারা উপস্থিত ছিলেন।

চলতি বছর ব্যক্তিজীবনেও নতুন অধ্যায়ে পা রেখেছেন রাশমিকা। বিয়ের পর কিছুটা বিরতি নিয়ে এবার আবারো ফিরছেন নিয়মিত অভিনয়ে। আর কাজে ফেরার এ অধ্যায়েই তার সামনে এসেছে সুব্বুলক্ষ্মীর মতো এক কিংবদন্তি চরিত্র।

পর্দার ‘ন্যাশনাল ক্রাশ’-এর পরিচিতি পেরিয়ে এবার বাস্তব জীবনের পরম পূজনীয় এক ধ্রুপদি মহীয়সীর ভূমিকায় নিজেকে উপস্থাপন করাকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন রাশমিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশ করে এ অভিনেত্রী জানান, এমন এক অমর কিংবদন্তির জীবনকাহিনী ফুটিয়ে তোলার সুযোগ পাওয়া তার জন্য পরম সম্মানের এবং অত্যন্ত গর্বের বিষয়। সুব্বুলক্ষ্মীকে শ্রদ্ধা ও স্নেহভরে ‘আম্মা’ সম্বোধন করে রাশমিকা প্রতিশ্রুতি দিয়েছেন যে এ অনন্য চরিত্রের মর্যাদা রক্ষা করতে তিনি নিজের শতভাগ উজাড় করে দেবেন।

তবে তার এ রূপান্তরের পথটি খুব একটা সহজ হতে যাচ্ছে না। ভারতীয় চলচ্চিত্রে রাশমিকা বহু ভাষায় জনপ্রিয়তা পেলেও এই বায়োপিক তার অভিনয় জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে চলেছে। প্রবীণ অভিনেতা কমল হাসান রাশমিকার সেই কঠিন গুরুদায়িত্বকে বিশ্বখ্যাত মাইকেল জ্যাকসনের বায়োপিকে অভিনয়ের চাপের সঙ্গে তুলনা করেছেন। সুব্বুলক্ষ্মীর

মতো এক মহামানবীর চরিত্রে অভিনয় কেবল বাহ্যিক সাজসজ্জায় সীমাবদ্ধ নয়; বরং গান গাওয়ার স্বকীয় ধরন, দৃষ্টির মায়া ও ভেতরের পরম ঐশ্বরিক অনুভূতি পর্দায় জাগিয়ে তুলতে হবে। সুব্বুলক্ষ্মীকে ঘিরে এই বায়োপিকের নামকরণ হয়েছে ‘এমএস—এ লিগ্যাসি অন স্ক্রিন’ আর সিনেমাটি পরিচালনা করছেন ‘জার্সি’ ও ‘কিংডম’-এর নির্মাতা গৌতম তিন্নানুরি। সিনেমাটির সংগীত পরিচালনায় থাকছেন অনিরুদ্ধ রবিচন্দর। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির নাম ও প্রথম লুক। এখন অপেক্ষা শুধু পর্দায় সেই বহুকালের চেনা সুরের সঙ্গে রাশমিকার নতুন রূপের দেখা হওয়ার—এক কিংবদন্তিকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার এ যাত্রায় তিনি কতটা নিজের করে নিতে পারেন সুব্বুলক্ষ্মীকে সেটি দেখার অপেক্ষা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও