সঞ্জয় লীলা বানসালির সিনেমা মানেই চোখের সামনে ভেসে ওঠে সুবিশাল রাজপ্রাসাদ, ঐতিহাসিক আভা কিংবা ভারী জমকালো অলংকার। তবে এবার সেই চেনা কক্ষপথ থেকে খানিকটা সরে এসে আধুনিক সময় ও রেট্রো আবহকে এক সুতোয় বুনছেন এই মাস্টারমেকার। তার আলোচিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর একেকটি নতুন টিজার ও পোস্টার প্রকাশ্যে আসতেই দর্শকদের হৃদয়ে তৈরি হচ্ছে দারুণ কৌতূহল।
সম্প্রতি উন্মোচিত হয়েছে সিনেমাটিতে আলিয়া ভাটের প্রথম লুক। সামাজিক মাধ্যমে নির্মাতারা পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আগ ভি, দিলো কি জান ভি!’ সেখানে আলিয়া ভাটকে কোনো রাজকীয় সাজে নয়, বরং ক্যাবারে অনুপ্রাণিত এক ঝলমলে রেট্রো রূপে উপস্থাপন করা হয়েছে। লাল সিকুইন স্লিট স্কার্ট, মাথায় পালকের বিশেষ হেডপিস আর চোখে রহস্যময় আত্মবিশ্বাস—সব মিলিয়ে পোশাকে ও অভিব্যক্তিতে তিনি যেন এক জীবন্ত গ্ল্যামার। বানসালির সিনেমায় পোশাক কখনো নিছক পোশাক থাকে না। রঙ, আলো, অলংকার কিংবা একটি বসার ভঙ্গিও হয়ে উঠতে পারে চরিত্রের ভাষা। সেই জায়গা থেকে আলিয়ার লাল সিকুইনের পোশাক ও পালকের সাজও কেবল গ্ল্যামারের অনুষঙ্গ নাকি গল্পের ভেতর তার আলাদা কোনো তাৎপর্য আছে—সেটিই এখন দর্শকের আগ্রহের জায়গা।
সিনেমাতে রণবীর কাপুর ও ভিকি কৌশলকে দেখা যাবে দুই সেনা কর্মকর্তার চরিত্রে। শুটিং চলাকালে সিনেমাটির বেশকিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেখানেই বিমান বাহিনীর পোশাকে রণবীর কাপুর ও ভিকি কৌশলের একটি ছবি দর্শকের নজর কেড়েছিল। সেই ছবির পর থেকেই সিনেপ্রেমীরা এ সিনেমার গল্প নিয়ে নানা জল্পনাকল্পনা করেছে। দুই অফিসারের অভ্যন্তরীণ মানসিক দ্বন্দ্ব এবং আলিয়ার চরিত্রকে কেন্দ্রে রেখে আবর্তিত এক রোমাঞ্চকর ত্রিভুজ প্রেমেই হতে পারে এ গল্পের মূল চালিকাশক্তি।
গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির অভাবনীয় সাফল্যের পর বানসালির সঙ্গে আলিয়ার এটি দ্বিতীয় মেলবন্ধন। এছাড়া ‘সাওয়ারিয়া’র প্রায় দুই দশক পর বানসালির ফ্রেমে ফিরেছেন রণবীর। অন্যদিকে ‘রাজি’র পর আবারো একসঙ্গে পর্দায় আসছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল। ‘ব্রহ্মাস্ত্র’-এর পর আবারো একসঙ্গে আলিয়া ভাট ও রণবীর কাপুর। বিয়ের পর এই প্রথম পর্দায় একসঙ্গে দেখা যাবে বলিউডের এ তারকা দম্পতিকে।
এরই মধ্যে শুটিং পর্ব চুকিয়ে সিনেমাটি এখন রয়েছে পোস্ট-প্রডাকশনের সূক্ষ্ম নান্দনিকতায়। বানসালির ক্যারিয়ারের অন্যতম বড় বাজেটের এ সিনেমা হিন্দি, তামিল ও তেলেগু—তিন ভাষাতেই ২০২৭ সালের ২১ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে। বানসালির বোনা এ আধুনিক প্রেম ও যুদ্ধের আখ্যানে তিন তারকার দ্যুতি ঠিক কতটা দাগ কাটে, তা দেখতে এখন সময়ের অপেক্ষা।
সূত্র ও ছবি: বলিউড হাঙ্গামা