বাংলার প্রতিচ্ছবি তুলে ধরেছে মানুষের বাগান

আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যের মুখ দেখছে ‘‌মানুষের বাগান’। নূরুল আলম আতিক পরিচালনা করেছেন সিনেমাটি।

দিল্লিতে সেরা চলচ্চিত্রের পুরস্কার জয়ের পর এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত এনএবিসি উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন থেকে সিনেমাটি অর্জন করেছে সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড। এর আগে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সেরা চলচ্চিত্রের পুরস্কার পায় ‘মানুষের বাগান’।

সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের জীবন নিয়ে পাঁচটি আলাদা গল্পের সমন্বয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। নূরুল আলম আতিক জানান, প্রতিদিন খবরের কাগজে ও টেলিভিশন নিউজে দেখা নানা রকমের দুর্গতির চেনা গল্পগুলোকে একত্র করে বাংলার একটা প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। কাজটি বেশ আগে করা হয়েছিল। সিনেমাটি শিগগিরই দেশের দর্শক দেখতে পাবে বলে জানান তিনি।

সিনেমার পোস্টারে দেখা যায় পৃথিবীটা যেন এক বিশাল গোল বাগান, যার চারপাশে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ। কেউ গাছ লাগাচ্ছে, কেউ ছবি আঁকছে, কেউ মাটি খুঁড়ে ভবিষ্যতের স্বপ্ন বুনছে, আবার কেউ ক্লান্ত হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। শিশু-তরুণ-বৃদ্ধ সবাই নিজের মতো ব্যস্ত থেকেও অদৃশ্য এক সুতোয় জড়িয়ে আছে একই পৃথিবীর সঙ্গে। ২০১৮ সালে সিনেমাটির কাজ শুরু হয়। এক বছরের মধ্যে শুটিং শেষ হলেও নানা কারণে এটি প্রস্তুত হতে সময় লেগেছে বেশ কিছুদিন। গত ফেব্রুয়ারিতে সেন্সর সনদ পায় সিনেমাটি।

নূরুল আলম আতিকের সঙ্গে এবারই প্রথম কাজ করলেন অভিনেতা মনোজ প্রামাণিক। কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে মনোজ বলেন, ‘মানুষের বাগান চলচ্চিত্রে অভিনয় করা আমার কাছে একটা অনন্য অভিজ্ঞতা। গুণী নির্মাতা নূরুল আলম আতিকের সঙ্গে এটি আমার প্রথম কাজ। ওনার গল্প বলার ভিশন ও ক্যারেক্টার ডিল করার ধরনটা একদম ভিন্নতর, যা আমার আগের করা কাজগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা।’

সিনেমাটির মুক্তি নিয়ে মনোজ জানান, অবশেষে দেশের হলে মানুষের বাগান মুক্তি পাচ্ছে। এ সিনেমার জন্য তিনি অধীর আগ্রহে মুখিয়ে ছিলেন। সহশিল্পী অর্চিতা স্পর্শিয়ার সঙ্গে তার চরিত্রের নতুন রসায়নও দর্শক উপভোগ করবেন বলে জানান মনোজ। সব মিলিয়ে ভিন্নধর্মী সিনেমাটি তার নিজস্ব ঘরানার দর্শক খুঁজে নেবে বলে তিনি আশা করেন।

সিনেমায় মনোজের বিপরীতে অভিনয় করা অর্চিতা স্পর্শিয়া জানান, নির্মাতা নূরুল আলম আতিকের সঙ্গে কাজ করার দীর্ঘদিনের ইচ্ছা ছিল অভিনেত্রীর। সিনেমায় যুক্ত হওয়ার গল্প বলতে গিয়ে স্পর্শিয়া জানান, হঠাৎ করেই নির্মাতার সঙ্গে তার যোগাযোগ হয়। তখন আতিক তাকে জানান, তিনি একটি সিনেমা বানাচ্ছেন মানুষের বাগান নামে, যেখানে একটি চরিত্রে স্পর্শিয়া ছাড়া আর কাউকে ভাবা যাচ্ছে না। এরপর তার কথায়ই মানুষের বাগানের সঙ্গে যুক্ত হওয়ার যাত্রা শুরু হয় স্পর্শিয়ার।

সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘বড় টিম বা অনেক বাজেট নিয়ে এ সিনেমা নির্মিত নয়। তবে অনেক গুণী শিল্পী এ সিনেমায় আছেন। আমরা সবাই একটা পরিবারের মতো কাজ করেছি, কাজটাকে উপভোগ করেছি। আমরাই একটা মানুষের বাগান, এমন একটা বিষয় তৈরি হয়ে গেছিল। সিনেমাটিতে অভিনয়ের মাধ্যমে আতিক ভাইয়ের সঙ্গে আমার অনেক ভালো একটি অভিজ্ঞতা হয়েছে।’

মানুষের বাগানে আরো অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, প্রসূন আজাদ, মুনিরা মিঠু ও দিপান্বিতা মার্টিন প্রমুখ। সিনেমার শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। পরিচালক আতিক জানান, দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে সিনেমাটি।

আরও