তরুণদের মাঝে বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে এবং চলমান করোনা মহামারীর সময়ে তাদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে জেসিআই ঢাকা ইয়াং আয়োজন করছে বই পড়া প্রতিযোগিতা ‘রিডার্স গেম ১.০’। ১৮ থেকে ৪০ বছর বয়সী বাংলাদেশের যেকোনো নাগরিক এতে অংশ নিতে পারবেন। ১ ফেব্রুয়ারি শুরু হওয়া প্রতিযোগিতাটির রেজিস্ট্রেশন চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। পরবর্তী সময়ে একটি অনলাইন পরীক্ষার মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে।
অংশগ্রহণকারীরা রেজিস্ট্রেশন করতে পারবেন জেসিআই ঢাকা ইয়াংয়ের ওয়েবসাইট অথবা ‘রিডার্স গেম ১.০’-এর ফেসবুক ইভেন্টের মাধ্যমে। প্রতিযোগিতাটির বিচারক প্যানেলে রয়েছেন দেশের জনপ্রিয় লেখক সাদাত হোসাইনসহ অনেকে।
রিডার্স গেম ১.০ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্টওয়াচসহ আরো অনেক আকর্ষণীয় পুরস্কার। এছাড়া সব অংশগ্রহণকারীর জন্য রয়েছে সনদ এবং ৮০ শতাংশের বেশি নম্বরপ্রাপ্তদের দেয়া হবে স্পেশাল মেনশন ই-সার্টিফিকেট।
জেসিআই ঢাকা ইয়াংয়ের প্রেসিডেন্ট নাজমুল হোসেন সবুজ বলেন, তরুণ প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তুলতেই আমাদের এ প্রয়াস।
প্রতিযোগিতার প্রধান পরিকল্পনাকারী এবং প্রজেক্ট লিড জেসিআই ঢাকা ইয়াংয়ের ভাইস প্রেসিডেন্ট এসএম মুক্তাদিরুল হক জানান, বর্তমানে তরুণ প্রজন্ম বই পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে এবং আধুনিক প্রযুক্তির প্রতি আকৃষ্ট হচ্ছে, যার নেতিবাচক প্রভাব অত্যন্ত ভয়াবহ। তাই আমরা একটি সম্পূর্ণ ভিন্নধর্মী বই পড়া প্রতিযোগিতার আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছি এবং আমরা বিশ্বাস করি, এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে আবারো বই পড়ার অভ্যাসটি তেরি হবে।