সারায়েভো উৎসবে সম্মান জানানো হবে বেলা তারকে

বসনিয়া ও হার্জেগোভেনিয়ার রাজধানী সারায়েভো। সেখানে প্রতি বছর আয়োজন হয় একটি চলচ্চিত্র উৎসব।

এবার সে উৎসবের ৩২তম আসর বসছে। এ আসরে হাঙ্গেরীয় চলচ্চিত্রকার বেলা তারকে নিয়ে থাকছে একটি বিশেষ আয়োজন। তার প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজনটি করছে সারায়েভো ফিল্ম ফেস্টিভ্যাল। ‘বেলা তার ইন সারায়েভো ট্রিবিউট’ শিরোনামের এ আয়োজনের মূল বিষয় হবে তারের প্রতিষ্ঠিত সারায়েভোর ‘ফিল্ম ফ্যাক্টরি’র সাবেক শিক্ষার্থীদের কাজ। ২০১৩ সালে তার এ অভিনব চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন।

এ বছরের আয়োজনে থাকছে ভ্যালদিমার ইয়োহানসনের ‘ল্যাম্ব’। সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তেঁ রিগার’ বিভাগে ‘প্রাইজ অব অরিজিনালিটি’ পুরস্কার জিতেছিল। এছাড়া থাকছে বিয়াঙ্কা লুকাসের ‘লাভ ডগ’। ছবিটি লোকার্নো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল এবং সেখানে সেরা প্রথম চলচ্চিত্রের প্রতিযোগিতায় বিশেষ উল্লেখ অর্জন করে। পিলার পালোমেরোর ‘মাদারহুড’ও রয়েছে এ আয়োজনে। ছবিটির জন্য কার্লা কুইলেস সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন।

সারায়েভো ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক জোভান মারিয়ানোভিচ বলেন, ‘এ নির্বাচন এমন সব নির্মাতার ক্যারিয়ারের প্রতিফলন, যারা পরবর্তী সময়ে কান, সান সেবাস্তিয়ান, লোকার্নো, রটারডাম ও ক্লেরমঁ-ফেরাঁসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে নিজেদের জায়গা করে নিয়েছেন। তাদের চলচ্চিত্রগুলো কোনো একটি নির্দিষ্ট নান্দনিক ধারা বা চলচ্চিত্র নির্মাণের স্কুলকে তুলে ধরে না। বরং তারের শিক্ষা দর্শনের প্রতিফলন ঘটায়, যেখানে প্রত্যেক নির্মাতাকে নিজস্ব ও স্বতন্ত্র শিল্পভাষা আবিষ্কারের স্বাধীনতা দেয়া হয়েছিল।’

সূত্র: ভ্যারাইটি

আরও