বেতারে নিয়মিতভাবে গান করেন ইয়াসমিন লাবণ্য। মাঝে মাঝে বেতারে উপস্থাপনাও করেন তিনি। তবে পেশাদার উপস্থাপিকা হিসেবে লাবণ্য’র যাত্রা শুরু ২০১৩ সালে এটিএন বাংলায়। ২০১৬ সাল থেকে তিনি মাছরাঙ্গা টিভিতে উপস্থাপনা করে আসছেন নিয়মিতভাবে। তবে এখন বিটিভি ও গ্লোবাল টিভিতেও উপস্থাপনা করছেন।
‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’তে সিনিয়র নৃত্যশিল্পী হিসেবেও কর্মরত লাবণ্য। এবারের ঈদে বেতারের অনুষ্ঠানে তার নতুন একটি মৌলিক গান প্রচারে আসবে। সেই সঙ্গে তারই উপস্থাপনায় একটি অনুষ্ঠানও প্রচার হবে বলে জানালেন তিনি। ‘স্মৃতির বৃষ্টিতে’ শিরোনামের গানটি ঈদে বেতারে প্রচারে আসবে। গানটি লিখেছেন সাহাবুদ্দিন মজুমদার। গানটির সুর করেছেন মো. ইসহাক। এছাড়াও ঈদের তৃতীয় দিনে বেতারে দুপুর ২.২০ মিনিটে প্রচার হবে লাবণ্যরই উপস্থাপনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘গানে গানে আড্ডা’ অনুষ্ঠানটি। এই আয়োজনে লাবণ্য’র উপস্থাপনায় সংগীত পরিবেশন করবেন শফি মন্ডল ও নাছরিন আক্তার।
২০২০ সালে বিটিভিতে গানের তালিকাভুক্ত শিল্পী হন লাবণ্য। এদিকে ঈদে মাছরাঙ্গা টিভিতে তারই উপস্থাপনায় ‘রাঙ্গা সকাল’ অনুষ্ঠানে জীবনের গল্প বলবেন গুলতেকিন আহমেদ ও নুহাশ হুমায়ূন। আরেকটি পর্বে গল্পে মেতে উঠবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা দিলশাদ নাহার কণা। এদিকে আগামীকাল লাবণ্য’র জন্মদিন। ঈদের ঠিক আগের দিন জন্মদিন হওয়াতে একদিকে যেমন খুব খুশি আবার কিছুটা মন খারাপও।
নিজের কাজ, জন্মদিন প্রসঙ্গে ইয়াসমিন লাবণ্য বলেন, ‘বেতারে নতুন যে গানটি আসবে তার কথা ও সুর আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়াও বেতারে আমারই উপস্থাপনায় ‘‘গানে গানে আড্ডা’’ অনুষ্ঠানটি নিয়েও আশাবাদী। মাছরাঙ্গা টিভিরও দুটি পর্ব নিয়ে ভীষণ আশাবাদী আমি। আর এবারের জন্মদিন নিয়ে মনটা একটু খারাপও বটে। কারণ আমি যাদের সঙ্গে সবসময় চলাফেরা করি বা গল্প আড্ডায় মেতে উঠি তাদের অধিকাংশই ঢাকায় নেই। কারণ সবাই ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গেছেন। তাদের ছাড়া জন্মদিনটা কেমন যেন ফাঁকা ফাঁকা।’