রাফাত মজুমদার রিংকু পরিচালিত দর্শকপ্রিয় নাটক ‘ঝরা বকুল’। নাটকটিতে প্রথমবার মা-মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা ও সুনেরাহ বিনতে কামাল। নাটকটি এক কোটির বেশি ভিউ পাওয়ার পর জুটি হিসেবে তাদের অভিনয়ও প্রশংসিত হয়। এবার একই নির্মাতার নতুন একটি নাটকে আবারো মা-মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তারা। তবে নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ছন্দা। এরই মধ্যে ময়মনসিংহের বিভিন্ন লোকেশনে এ নাটকের দৃশ্যধারণ শেষ হয়েছে।
নতুন নাটকটি নিয়ে আশাবাদী ছন্দা। তিনি বলেন, ‘এর আগে রিংকুর পরিচালনায় ঝরা বকুল নাটকে আমি ও সুনেরাহ মা এবং মেয়ের চরিত্রে অভিনয় করে বেশ ভালো সাড়া পেয়েছিলাম। আবারো আমরা দুজন মা ও মেয়ের চরিত্রে রিংকুর নতুন একটি নাটকে অভিনয় করেছি। গল্পটা খুব সুন্দর। আশা করছি, এটিও দর্শকের ভালো লাগবে।’
সহশিল্পীদের নিয়ে ছন্দা বলেন, ‘সুনেরাহ খুব ভালো অভিনয় করে। এখন সে অভিনয়ে ম্যাচিউরড। আগামীতে আরো ভালো করবে। এ নাটকে আমাদের সঙ্গে অভিনয় করেছে ইয়াশ রোহান। নাটকটি খুব সুন্দর হয়েছে। যে কারণে ঝরা বকুলের চেয়েও বেশি আশাবাদী আমরা।’
বর্তমানে দীপ্ত টিভিতে প্রচারচলতি ধারাবাহিক নাটক ‘খুশবু’র শুটিংয়ে ব্যস্ত আছেন ছন্দা। তিনি জানান, কয়েক দিনের মধ্যে রাফাত মজুমদার রিংকুর আরো একটি নাটকে অভিনয় করবেন।
এদিকে শিগগিরই চ্যানেল আইয়ে প্রচারে আসছে ছন্দা অভিনীত ভিকি জাহেদ পরিচালিত ধারাবাহিক নাটক ‘আমাদের নীল বাড়ি’। এছাড়া এশিয়ান টিভিতে প্রচারে আসছে হাসান রেজাউল পরিচালিত ‘এরই নাম সংসার’।
অন্যদিকে সুনেরাহ সর্বশেষ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদের গল্প’ ধারাবাহিকে অভিনয় করে আলোচনায় আসেন। এতে তার সহশিল্পী ছিলেন ইরফান সাজ্জাদ। এর আগে ‘ন ডরাই’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সুনেরাহ।