গানটির মূল কণ্ঠশিল্পী পিলু খানের সঙ্গে এবার একই সুরে কণ্ঠ মিলিয়েছেন নকীব খান, পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদার। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এবং পিলু খানের সুর করা গানটির নতুন আয়োজন করেছেন পার্থ বড়ুয়া নিজেই। গত ২৯ জুন থেকে পার্থ বড়ুয়া ও সোলসের ইউটিউব চ্যানেলে গানটি শোনা যাচ্ছে।
নতুন সংস্করণ প্রসঙ্গে নকীব খান বলেন, ‘কালজয়ী গানের রিমেক নতুন নয়। তবে রেনেসাঁর এ গানের রিমেক বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং শিশু অধিকার নিশ্চিতকরণ ও সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে তৈরি করা হয়েছে। আজ যে শিশু তিন দশক আগের সৃষ্টি হলেও এ গান আজও প্রাসঙ্গিক। যারা গানটি শুনেছেন, তারা এ কথার সঙ্গে একমত হবেন বলে আমার ধারণা।’"
রিমেক আয়োজনে যুক্ত হওয়া প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘কিছু গানের আবেদন থেকে যায় চিরকাল। রেনেসাঁর আজ যে শিশু তেমনই একটি গান, যার সুর মন্ত্রমুগ্ধ করে রাখে। একইভাবে এর কথাগুলো দারুণভাবে আঁচড় কাটে হৃদয়ে। তাই নকীব খান, পার্থ বড়ুয়া ও পিলু খানের সঙ্গে গানটি নতুন করে গাওয়ার প্রস্তাব নিয়ে দ্বিতীয়বার ভাবিনি।’"
উল্লেখ্য, রেনেসাঁ ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম ‘তৃতীয় বিশ্ব’র জন্য রেকর্ড হয়েছিল আজ যে শিশু গানটি। ১৯৯৩ সালে অ্যালবামটি প্রকাশ পায়, যদিও গানটির কথা লেখা হয়েছিল তারও অনেক আগে, গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গীর হাত ধরে। সুরকার হিসেবে পরিচিত পিলু খান, যার প্রকৃত নাম শাহবাজ খান পিলু, নিজেই এ গানে কণ্ঠ দিয়েছিলেন সে সময়।