ইমরানের সুরে আসছে হাবিবের নতুন গান

বাংলাদেশের দুজন জনপ্রিয় সংগীত পরিচালক, গায়ক হাবিব ওয়াহিদ ও ইমরান মাহমুদুল। হাবিবের সুরে গান ও পাঁচটি জিঙ্গেলে কণ্ঠও দিয়েছেন ইমরান।

বাংলাদেশের দুজন জনপ্রিয় সংগীত পরিচালক, গায়ক হাবিব ওয়াহিদ ও ইমরান মাহমুদুল। হাবিবের সুরে গান ও পাঁচটি জিঙ্গেলে কণ্ঠও দিয়েছেন ইমরান। তবে এবার ব্যতিক্রম হলো প্রথমবারের মতো ইমরান মাহমুদুলের সুর ও সংগীতে গান গাইলেন হাবিব ওয়াহিদ। গানটির শিরোনাম ‘বোকামন’, লিখেছেন ভারতের রজত ঘোষ। গানের রেকর্ডিংয়ের পাশাপাশি মিউজিক ভিডিওর শুটিং শেষ। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা।

এ প্রসঙ্গে হাবিব বলেন, ‘‌ইমরান যখন আমাকে গানটির প্রস্তাব দিল, আমি বিষয়টি খুব আগ্রহের সঙ্গে নিয়েছিলাম। পরে ওর কম্পোজিশনটা শুনতে চাইলাম। শুনে মনে হলো আমার কণ্ঠের সঙ্গে এটি ভালোই যাবে আর গানটি বেশ মিষ্টিও মনে হলো। তারপর গাইলাম। ইমরানের প্রতি আমার আস্থা আছে। আমার বিশ্বাস শ্রোতারা ভালো কিছু পাবেন।’

হাবিব ওয়াহিদ প্রসঙ্গে ইমরান জানান, ক্যারিয়ারের শুরুতেই হাবিবকে গুরু মনে করেন তিনি। অনেক কিছু শেখার সুযোগ হয়েছে তার এ গায়কের সঙ্গে কাজ করতে গিয়ে। এবার হাবিবের জন্য সুর-সংগীত করার অভিজ্ঞতা জানিয়ে ইমরান বলেন, ‘‌হাবিব ভাই আমার গুরু। তার কম্পোজিশনে আমি ক্যারিয়ারের শুরুতে গেয়েছি। তিনি আমার কম্পোজিশনে গাইবেন, এটা আমার কাছে ছিল স্বপ্নের মতোই। আজ আমি যত বড় হই না কেন, ওনার কাছে তো ছোট্ট শিশু। ফলে সে অনুভূতি বা সম্মান নিয়েই কাজটি করার চেষ্টা করছি। অডিও আর ভিডিও মিলিয়ে আশা করছি শ্রোতারা ভালো কিছু পাবেন।’

ইমরান জানান, এরই মধ্যে গানের রেকর্ডিং শেষ। সৈকত রেজার নির্মাণে দুজনের ভিডিও শুটিংও শেষ। নতুন বছরের শুরুতে রঙ্গন মিউজিকের ব্যানারে শ্রোতাদের বিশেষ উপহার হিসেবে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে।

আরও