বিয়েতে লোকদেখানো খরচের বিরোধী শ্রুতি হাসান

বিয়ে নিয়ে তার দৃষ্টিভঙ্গিতে খুব একটা পরিবর্তন আসেনি। তিনি একাধিকবার বিয়ে সম্পর্কে তার ভয় ও দৃষ্টিভঙ্গি জানিয়েছিলেন।

চল্লিশের কোটায় পা রাখতে চলেছেন শ্রুতি হাসান। তবে বিয়ে নিয়ে তার দৃষ্টিভঙ্গিতে খুব একটা পরিবর্তন আসেনি। তিনি একাধিকবার বিয়ে সম্পর্কে তার ভয় ও দৃষ্টিভঙ্গি জানিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়েতে বিপুল অর্থ খরচের বিষয়েও নিজের অনাগ্রহের কথা জানিয়েছেন অভিনেত্রী। তবে সন্তান নেয়ার কথা জানিয়েছেন তিনি। এক্ষেত্রে দত্তক নেয়ার সম্ভাবনাই বেশি।

সোহা আলী খানের ইউটিউব চ্যানেলের পডকাস্টে এক খোলামেলা আলাপচারিতায় শ্রুতিকে বিয়ে নিয়ে তার অনীহা সম্পর্কে প্রশ্ন করা হয়। অভিনেত্রী স্পষ্ট করে জানান, তিনি বিয়ের ধারণার বিরোধী নন। তবে বিয়ে করতেই হবে এমন সামাজিক চাপ এড়িয়ে চলতে চান। শ্রুতির কথায়, ‘আমি সঙ্গীকে পাশে পাওয়ার বিষয়টি খুব পছন্দ করি। কিন্তু সারা জীবন এমনভাবে চলেছি, যাতে নিজেকে কোনো নির্দিষ্ট ছকের মধ্যে আটকে রাখতে না হয়।’

শ্রুতি জানান কিছু বিষয়ে তিনি খুবই রক্ষণশীল। আবার অন্য কিছু বিষয়ে তার দৃষ্টিভঙ্গি বেশ ভিন্ন। কিন্তু এর কারণ হলো কেউ তাকে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য করেনি। তিনি নিজ থেকেই সব সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘বিয়ের কাগজপত্র, বিপুল অর্থ খরচ, লোকদেখানো—এসব নিয়ে আমার মনে হয়, আমরা এসব কার জন্য করছি?’

২০২৪ সালের মে মাসে ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় দীর্ঘদিনের প্রেমিক শান্তনুর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছিলেন শ্রুতি। প্রথমবারের মতো নিজের সম্পর্কের অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন, তিনি এখন সিঙ্গেল। ব্যক্তিগত জীবন নিয়ে এক ভক্তের প্রশ্নের জবাবে শ্রুতি বলেছিলেন, ‘আমি এ ধরনের প্রশ্নের উত্তর দিতে খুব একটা পছন্দ করি না। তবে আমি পুরোপুরি সিঙ্গেল এবং মিশতে আগ্রহী। এখন শুধু কাজ করছি এবং নিজের জীবন উপভোগ করছি। এবার কি যথেষ্ট?’

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও