দীর্ঘ ছয় বছর ধরে জাহিদ নিখোঁজ। সে প্রবাসী। পরিবারের সবার বিশ্বাস, জাহিদ আর বেঁচে নেই; বেঁচে থাকলে অন্তত একবার হলেও যোগাযোগ করত। এদিকে স্বামীর ফেরার অপেক্ষায় দিন কাটাচ্ছেন তার স্ত্রী মিলি। তার দৃঢ় বিশ্বাস জাহিদ একদিন না একদিন ফিরে আসবেই।
এ ছয় বছরে মিলির একমাত্র ভরসা তার মেয়ে টিয়া। জন্মের আগেই বাবাকে হারানো টিয়া জানেই না জাহিদের কথা। ছোট চাচা শুভকেই সে বাবা বলে জানে, আর শুভও পিতৃস্নেহ দিয়ে বড় করছে টিয়াকে।
কিন্তু মিলির বাবা চান, মেয়েটি নতুন করে জীবন শুরু করুক। তিনি জাহিদের মাকে বোঝান, মিলির জীবন থেমে থাকতে পারে না। অনেক তর্কের পর জাহিদের মা আবেগে এমন এক প্রস্তাব দেন যা সবাইকে অবাক করে দেয়, মিলির বিয়ে হোক শুভর সঙ্গে।
এ নিয়েই গল্প এগিয়ে যেতে থাকে। মূলত এটি আরটিভির নতুন নাটক ‘সুখ পাখি’র গল্প। বিপ্লব হায়দারের রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন এ্যালেন শুভ্র, মুনতাহা, নাদিয়া আহমেদ,মুকিত জাকারিয়া, মীম চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, ফারুক আহমেদ, শারমিন শর্মী প্রমুখ।