বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের মন জয় করে নিল বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’। সম্প্রতি আন্তর্জাতিক চলচ্চিত্র রিভিউ প্ল্যাটফর্ম ‘লেটারবক্সড’-এ এই সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন অনুরাগ কাশ্যপ।
বিশ্বমানের একজন পরিচালকের কাছ থেকে এমন মূল্যায়ন পেয়ে উচ্ছ্বসিত ‘দেলুপি’র তরুণ নির্মাতা মোহাম্মদ তৌকির ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগ কাশ্যপের সেই রিভিউয়ের স্ক্রিনশট শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তৌকির জানান, প্রিয় কোনো নির্মাতার কাছ থেকে এমন প্রতিক্রিয়া পাওয়া সত্যি ভাষায় প্রকাশের অতীত।
চলচ্চিত্রটি দেখার পর নিজের অ্যাকাউন্টে অনুরাগ কাশ্যপ লিখেছেন, ক্ষমতার পালাবদলের পর বন্যায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক প্রান্তিক গ্রামের অভ্যন্তরীণ ক্ষমতার রাজনীতি এই ছবিতে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এটি এতটাই মানবিক যে, একে নিজের চেনা পরিবেশ বলেই মনে হয়।
বলিউড এই পরিচালকের মতে, সিনেমার ওই ছোট্ট গ্রামটি আসলে পুরো দেশেরই একটি প্রতীকী রূপ। সম্পদহীন এক বাস্তবতায় গ্রামের বাঁধটি নতুন করে গড়ে তোলার যে সংগ্রাম, তা যেন শূন্য থেকে একটি দেশকে পুনর্নির্মাণের কথাই মনে করিয়ে দেয়। সিনেমাটি তাকে গভীরভাবে আলোড়িত করেছে বলেও জানান তিনি।
বন্যা ও দেশের সাম্প্রতিক রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির প্রেক্ষাপটে এক প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের টিকে থাকার লড়াই নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। প্রতিকূল সমাজ ও রাজনীতির মারপ্যাঁচে সাধারণ মানুষের জীবনসংগ্রামের এই আখ্যান ইতোমধ্যে সাধারণ দর্শক থেকে শুরু করে সমালোচকদেরও দারুণ প্রশংসা কুড়াচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, একদল সাধারণ মানুষের একতা, পারস্পরিক সৌহার্দ্য ও অদম্য ইচ্ছাশক্তির জোরে দুর্নীতি, অন্যায় ও হতাশার বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানোর গল্পই ‘দেলুপি’। একটি ক্ষুদ্র গ্রামের প্রেক্ষাপট হলেও চলচ্চিত্রটি মূলত দেশের বর্তমান সময়ের বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার এক নিখুঁত প্রতিচ্ছবি হয়ে উঠেছে।