দেশের শীর্ষ ব্যান্ড তারকা জেমসের গানের ওপর সম্প্রতি একটি ব্যতিক্রমী গবেষণা সম্পন্ন হয়েছে। ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’ শিরোনামের গবেষণাটি বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় করেছেন কবি, কণ্ঠশিল্পী ও গীতিকার গ্যাব্রিয়েল সুমন। গত বছরের সেপ্টেম্বরে শুরু হওয়া এ গবেষণা কার্যক্রমের প্রবন্ধটি সম্প্রতি বাংলা একাডেমির অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছে।
গবেষণার জন্য জেমসের প্রথম ব্যান্ড ‘ফিলিংস’ ও পরবর্তী সময়ের ‘নগরবাউল’-এর বিভিন্ন অ্যালবাম, সলো ও মিক্সড অ্যালবাম এবং সিনেমার গানের মধ্য থেকে মূলত ৪টি অ্যালবামকে বেছে নেয়া হয়। এগুলো হলো— ‘দুঃখীনি দুঃখ করো না’, ‘লেইস ফিতা লেইস’, ‘ঠিক আছে বন্ধু’ ও ‘নগরবাউল’।
গবেষক গ্যাব্রিয়েল সুমন জানান, ১৯৯৭ সালে জেমসের একক অ্যালবাম ‘দুঃখীনি দুঃখ করো না’র কাজ দেখেই জেমসের গানের প্রতি তার প্রবল আগ্রহ ও গবেষণার সূত্রপাত। এমন উদ্যোগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমরা জাতি হিসেবে এতটাই পিছিয়ে পড়া যে, কেউ মারা না গেলে তাঁর গুরুত্ব বুঝি না, গবেষণা তো অনেক দূরের ব্যাপার। আমাদের দেশের গবেষণা এখনো রবীন্দ্র-নজরুলের মতো ক্লিশে ও অপ্রাসঙ্গিক বিষয়ে আটকে আছে। আমার প্রপোজালটি গ্রহণ করার জন্য বাংলা একাডেমিকে ধন্যবাদ।’
গবেষণায় যা উঠে এসেছে: গবেষণায় জেমসের গানের ভেতর আবহমান বাংলার বিবিধ লোকজ উপাদান খুঁজে পাওয়া গেছে। যার মধ্যে রয়েছে— চুড়ি-ফিতা বিক্রি করা ফেরিওয়ালার জীবন, বায়োস্কোপ, হাউজি খেলা, হাডুডু খেলা, মন্নান মিয়ার তিতাস মলম, নাগ-নাগিনীর মতো বেদে জীবনের গল্প, যাত্রাপালা, বাংলার লাঠিয়াল ও কানামাছি খেলা।
পাশাপাশি, জেমসের ‘রাখে আল্লাহ মারে কে’ গানের মধ্যে ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ এবং জিকিরের মতো সুফিবাদের বিষয় উঠে এসেছে। এছাড়া তার গানে আধুনিক বাংলা কবিতার সতেজ স্বাদ ও কাব্যিক উপমা মিলেছে। যেমন— কবি সুভাষ মুখোপাধ্যায়ের ‘পুবের হাওয়া’ কবিতায় সুর বসিয়ে এবং কবি শামসুর রাহমানের ‘উত্তর’ কবিতার নির্যাস থেকে তৈরি হয়েছে জেমসের জনপ্রিয় গান ‘তারায় তারায়’।
গ্যাব্রিয়েল সুমন আরও জানান, ভবিষ্যতে জেমসের সমস্ত গানের ওপর বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আরও বিস্তারিত গবেষণা করার ইচ্ছে আছে তার। পাশাপাশি এই গবেষণার সারবস্তু দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপস্থাপন করা এখন সময়ের জরুরি দাবি। উল্লেখ্য, গত আট বছর ধরে জেমসের কাজের ওপর গদ্যভিত্তিক বিশ্লেষণ নিয়ে ‘এসো চুল খুলে পথে নামি’ শিরোনামে একটি বই লিখছেন গ্যাব্রিয়েল, যা জেমসের আগামী জন্মদিনে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে তাঁর।