হলিউডের কিংবদন্তি অভিনেতা আল পাচিনোকে আজীবন সম্মাননা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অভিনয়শিল্পীদের সংগঠন সাগ-আফট্রা। চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে ছয় দশকের বেশি সময়ের অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৭ সালের লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন তিনি। ১৫ অক্টোবর এ ঘোষণা দিয়েছে সংগঠনটি। এর মধ্য দিয়ে সাগ-আফট্রার আজীবন সম্মাননার ৬২তম প্রাপক হতে যাচ্ছেন আল পাচিনো। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ৩৩তম অ্যাক্টর অ্যাওয়ার্ডস। ওই অনুষ্ঠানেই তার হাতে তুলে দেয়া হবে পুরস্কারটি। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে নেটফ্লিক্স। দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন আল পাচিনো। ১৯৭২ সালে ‘দ্য গডফাদার’ সিনেমায় মাইকেল করলিওনে চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিচিতি পান তিনি।