বুবলীকে ছাড়াই এগোচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’

সিনেমাটির শুটিং এরই মধ্যে আবার শুরু হয়েছে বলে জানান নির্মাতা। কয়েক দিন আগে বুড়িগঙ্গা নদীতে নৌকাবাইচের দৃশ্যের শুটিং হয়েছে।

আবারো শুরু হয়েছে ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিং। তবে এবারের শুটিংয়ে থাকছেন না সিনেমাটির অন্যতম অভিনেত্রী শবনম বুবলী। মাতৃত্বকালীন ছুটিতে থাকায় তাকে ছাড়াই চলতি বছরের কাজ এগিয়ে নেয়ার পরিকল্পনা করেছেন নির্মাতা জাহিদ হোসেন।

সিনেমাটির শুটিং এরই মধ্যে আবার শুরু হয়েছে বলে জানান নির্মাতা। কয়েক দিন আগে বুড়িগঙ্গা নদীতে নৌকাবাইচের দৃশ্যের শুটিং হয়েছে। আগামী মাসে দুর্গা পূজার কিছু দৃশ্যের শুটিং হবে। এসব দৃশ্যেও থাকছেন না বুবলী।

এ প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, ‘এ বছর বুবলীকে ছাড়াই শুটিং চালিয়ে যাব। কয়েক দিন আগে বুড়িগঙ্গায় নৌকা বাইচের শুটিং করেছি। আগামী মাসে দুর্গা পূজার শুটিং করব। এরপর জানুয়ারিতে আবার শুটিংয়ে যাব।’

নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, আগামী জানুয়ারিতে শুটিংয়ে ফিরবেন বুবলী। পূজার আবহের কিছু দৃশ্যে তার উপস্থিতি জরুরি হলেও আপাতত তাকে ছাড়াই পরিবেশ-সংক্রান্ত দৃশ্যগুলো ধারণ করা হবে। এ সময় বুবলীর বান্ধবীর চরিত্রে অভিনয় করা শিল্পীর অংশের দৃশ্যও ধারণ করা হবে।

জানুয়ারিতে ঢাকেশ্বরী মন্দিরে বুবলীর অংশের দৃশ্যধারণ হওয়ার কথা রয়েছে। ফলে চলতি বছরের শুটিংয়ে সিনেমাটির একটি বড় অংশ বুবলীকে ছাড়াই এগিয়ে নেয়া হবে।

এখন পর্যন্ত ঢাকাইয়া দেবদাসের শুটিং শেষ হয়েছে প্রায় ২০-২৫ শতাংশ। বাকি অংশ টানা শুটিংয়ের মাধ্যমে শেষ করার পরিকল্পনা রয়েছে নির্মাতার।

সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ ও মামনুর রশিদ অপু। আরো অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর হাসান জর্জ, তারিক আনাম খান, মিশা সওদাগর, দীপা খন্দকার, রোজী সিদ্দিকী, দিলারা জামানসহ অনেকে।

পুরান ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতিকে ঘিরে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। সিনেমাটিতে মহরম, ইফতার বাজার, ঈদ মিছিল ও কোরবানির ঈদের বিভিন্ন দৃশ্য উঠে আসবে। থাকছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী গানও।

২০২৭ সালের কোরবানির ঈদের পর সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান নির্মাতা। দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ‘ঢাকাইয়া দেবদাস’ প্রদর্শনের পরিকল্পনা করছেন তিনি।

আরও