আন্তর্জাতিক মুক্তির সঙ্গে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে হলিউডের দুই সিনেমা। ভৌতিক ঘরানার ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’ এবং শিশু-কিশোরদের জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘পাও পেট্রোল’-এর তৃতীয় সিনেমা ‘পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি’ শুক্রবার থেকে দেখা যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। মাল্টিপ্লেক্সটির সব শাখায় সিনেমা দুটি প্রদর্শিত হচ্ছে।
ভৌতিক ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’ নির্মাণ করেছেন জ্যাকব চেজ। সিনেমাটিতে অভিনয় করেছেন অ্যামেলিয়া ইভ, ব্র্যান্ডন পেরিয়া, মেইজি রিচার্ডসন-সেলার্স ও লিন শে।
সিনেমার গল্পে জেমা নামের এক তরুণী তার মেয়েকে নিয়ে তার শৈশবের বাড়িতে ফিরে আসে। সেখানে সে জানতে পারে, তার মধ্যে রয়েছে এক অস্বাভাবিক ক্ষমতা। সে ‘দ্য ফারদার’ নামের হারানো আত্মাদের জগতে প্রবেশ করতে পারে। তবে এই ক্ষমতা শুধু ওই জগতে যাতায়াতের মধ্যেই সীমাবদ্ধ নয়। জেমা সেখানকার অশুভ শক্তিকেও বাস্তব জগতে নিয়ে আসতে পারে।
এর ফলে বিপদের মুখে পড়ে জেমা ও তার পরিবার। একপর্যায়ে অশুভ আত্মার প্রভাবে বাস্তব জগৎ ও আত্মার জগতের মধ্যকার সীমারেখা ভেঙে পড়তে শুরু করে। সিনেমায় জেমার চরিত্রে অভিনয় করেছেন অ্যামেলিয়া ইভ।
অন্যদিকে শিশু ও পরিবারভিত্তিক বিনোদনের জন্য মুক্তি পেয়েছে অ্যানিমেশন সিনেমা ‘পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি’। ক্যাল ব্রুঙ্কার পরিচালিত সিনেমাটি ‘পা পেট্রোল’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি।
গল্পে এক রহস্যময় ঝড়ের কবলে পড়ে পাও পেট্রোল দল পৌঁছে যায় দুর্গম এক দ্বীপে। ডাইনোসর, সুপ্ত আগ্নেয়গিরি এবং নানা উদ্ধার অভিযান ঘিরে এগিয়ে যায় কাহিনি। সেখানে তাদের সঙ্গে পরিচয় হয় জবি নামের একটি নতুন কুকুরের। দীর্ঘদিন দ্বীপে আটকে থাকার কারণে ডাইনোসর সম্পর্কে তার রয়েছে বিস্তর জ্ঞান।
দ্বীপের খনিজ সম্পদ ও বিপন্ন ডাইনোসরদের রক্ষা করতে জবি ও পাও পেট্রোলকে লড়তে হয় পুরনো শত্রু মেয়র হামডিঙ্গারের বিরুদ্ধে। শারীরিক সীমাবদ্ধতা পেরিয়ে বুদ্ধি ও সাহসের মাধ্যমে জয়ী হওয়ার বার্তাও তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।
‘পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি’তে কণ্ঠ দিয়েছেন কার্টার ইয়ং, ম্যাকেনা গ্রেস, টেরি ক্রুস, জেনিফার হাডসন, প্যারিস হিলটন ও স্নুপ ডগ। সিনেমাটির বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছে ব্যাকস্ট্রিট বয়েজের নতুন গান ‘বোটল আপ’।