২০০১ সালের ১৫ জুন মুক্তি পাওয়া লগানের ২৫ বছর পূর্ণ হলো। এ উপলক্ষে ৯ জুলাই মেলবোর্নে একটি বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে অংশ নেবেন আমির খান। এ প্রদর্শনীর মধ্য দিয়ে মূল আয়োজনের এক মাস আগেই শুরু হবে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন’-এর ১৭তম আসরের কার্যক্রম।
ফেস্টিভ্যালের ১৭তম আসর অনুষ্ঠিত হবে আগামী ১৩-২৩ আগস্ট। এর আগে উৎসবের উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে মেলবোর্নের এসিএমআই সিনেমা হলে। সেখানে লগানের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্রদর্শনীর পাশাপাশি আমির খান আনুষ্ঠানিকভাবে এবারের উৎসবের সূচনা করবেন।
ভিক্টোরিয়া রাজ্য সরকারের সহযোগিতায় আয়োজিত হয় ফিল্ম ফেস্টিভ্যালটি। এ উৎসবের আগের আসরগুলোয় যুক্ত হয়েছিলেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন, এআর রহমান, ঐশ্বরিয়া রাই বচ্চন, রানী মুখার্জি, রাম চরণ, বিজয় সেতুপতি প্রমুখ।
উৎসবের পরিচালক মিঠু ভৌমিক বলেন, ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন সবসময় এমন গল্প উদযাপন করে, যেগুলো দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। লগানের ২৫ বছর পূর্তি উদযাপনের মধ্য দিয়ে ১৭তম আসরের সূচনা করার চেয়ে ভালো উপায় আর হতে পারে না। এ চলচ্চিত্র ভারতীয় সিনেমার ইতিহাসে একটি মাইলফলক এবং এটি এখনো বিশ্বজুড়ে নতুন প্রজন্মের নির্মাতা ও দর্শককে অনুপ্রাণিত করে চলেছে। এ বিশেষ আয়োজনে আমির খানকে মেলবোর্নে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।’
এবারের উৎসবে চলচ্চিত্র প্রদর্শনী, প্রিমিয়ার, আলোচনা, মাস্টারক্লাস ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এসব আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্মাতা, অভিনেতা, চলচ্চিত্রসংশ্লিষ্ট পেশাজীবী ও সিনেমাপ্রেমীরা অংশ নেবেন।
ভারতীয় সিনেমার অঙ্গনে ‘লগান’ বিশেষ। কেননা একাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পাওয়া তৃতীয় ভারতী চলচ্চিত্র এটি। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এটি আজও অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়। লগানের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ বছর আরো বিভিন্ন দেশে বিশেষ আয়োজন করা হচ্ছে। জুলাইয়ে অনুষ্ঠিত লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ১৭তম আসরেও লগানের এ মাইলফলক উপলক্ষে আমির খানের একটি পৃথক উপস্থিতি থাকবে।
সূত্র: ভ্যারাইটি