মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ এবং জনপ্রিয় অ্যাকশন তারকা জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’ আজ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে সিনেমা দুটি।
ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। তার আগে বড়পর্দায় ফিরছে ২০১৯ সালের আলোচিত ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। তবে এবার শুধু পুরনো সিনেমাটি দেখানো হচ্ছে না। মূল সিনেমার সঙ্গে যুক্ত হয়েছে প্রায় চার মিনিটের নতুন দৃশ্য, এবং অতিরিক্ত একটি শেষ দৃশ্য। এতে সিনেমাটির দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১৮৫ মিনিটে।
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র গল্পের সঙ্গে দর্শকদের সংযোগ তৈরি করতেই ‘এন্ডগেম’ আবার প্রেক্ষাগৃহে আনা হচ্ছে। পরিচালক জো রুশোর বক্তব্যেও দুই সিনেমার যোগসূত্রের ইঙ্গিত পাওয়া গেছে। ফলে নতুন সংস্করণে এমসিইউর পরবর্তী অধ্যায়ের কিছু সূত্র পাওয়া যাবে কিনা, তা নিয়েই আগ্রহ ভক্তদের। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় ৭ কোটি ৭০ লাখের বেশি ভিউ পেয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে জেসন স্ট্যাথাম অভিনীত ‘মিউটিনি’ পরিচালনা করেছেন জ্যাঁ-ফ্রাঁসোয়া রিশে। অ্যাকশন থ্রিলারধর্মী এ সিনেমায় স্ট্যাথামের সঙ্গে অভিনয় করেছেন অ্যানাবেল ওয়ালিস, রোল্যান্ড মোলার, অ্যাড্রিয়ান লেস্টার, জেসন ওং ও আরনাস ফেদারাভিচুসসহ অনেকে।
সিনেমায় কোল রিড চরিত্রে দেখা যাবে স্ট্যাথামকে। একসময় নিউইয়র্ক পুলিশের কর্মকর্তা ও স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন রিড। পরে তিনি বেসরকারি নিরাপত্তাকর্মী হিসেবে কাজ শুরু করেন। একদিন তার চোখের সামনে এক শিল্পপতি খুন হন। অথচ সেই হত্যার দায় চাপানো হয় রিডের ওপর। নিজেকে নির্দোষ প্রমাণ করতে এবং প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করতে তিনি একটি কার্গো জাহাজে ওঠেন। সেখান থেকেই শুরু হয় তার অভিযান।
একপর্যায়ে রিড বুঝতে পারেন, ঘটনাটি শুধু একজন শিল্পপতির হত্যাকাণ্ড নয়। এর পেছনে রয়েছে বড় ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র। সেই রহস্যের সমাধান করতে গিয়ে তাকে মুখোমুখি হতে হয় ভাড়াটে যোদ্ধা ও অপরাধচক্রের সদস্যদের। কার্গো জাহাজকে ঘিরে বন্দুকযুদ্ধ, মারামারি, ধাওয়া ও বিস্ফোরণের পাশাপাশি সিনেমায় থাকছে স্ট্যাথামের পরিচিত অ্যাকশন দৃশ্য।
একই দিনে মুক্তি পাওয়া দুটি সিনেমার একটিতে পুরোনো স্মৃতি ও নতুন চমক নিয়ে ফিরছে ‘অ্যাভেঞ্জার্স’, অন্যটিতে অ্যাকশন-থ্রিলারের গল্পে হাজির হচ্ছেন জেসন স্ট্যাথাম।
ফিচার ডেস্ক