চৌত্রিশেই চলে গেলেন ব্রেকিং ব্যাড অভিনেতা আরজে মিটি

ভিন্স গিলিগানের নির্মিত জনপ্রিয় সিরিজ ব্রেকিং ব্যাড। এ সিরিজের প্রধান চরিত্র ওয়াল্টার হোয়াইট। তার ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন মিটি।

‘ব্রেকিং ব্যাড’ সিরিজে ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করেছেন আরজে মিটি। মাত্র ৩৪ বছর বয়সে মারা গেলেন তিনি। ভ্যারাইটির প্রতিবেদনে জানা যায়, গত সোমবার তার মৃত্যু হয়। মিটির এক প্রতিনিধি ভ্যারাইটিকে এ খবর নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

ভিন্স গিলিগানের নির্মিত জনপ্রিয় সিরিজ ব্রেকিং ব্যাড। এ সিরিজের প্রধান চরিত্র ওয়াল্টার হোয়াইট। তার ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন মিটি। সিরিজটিকে টেলিভিশনের ইতিহাসের অন্যতম সেরা অনুষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়। সিরিজে মিটি অভিনীত ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রটির মতো তিনিও সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন। তার এ গুরুত্বপূর্ণ অভিনয় সেরিব্রাল পালসি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখে। অভিনয় জীবনজুড়েই হলিউডে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার পক্ষে সোচ্চার ছিলেন মিটি।

তার এক প্রতিনিধি বিবৃতিতে বলেন, ‘প্রিয় অভিনেতা, মানবহিতৈষী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের একনিষ্ঠ প্রবক্তা আরজে মিটির মর্মান্তিক প্রয়াণের খবর গভীর শোকের সঙ্গে জানাচ্ছি। সেরিব্রাল পালসি নিয়ে নিজের জীবনযাপনের অভিজ্ঞতা থেকে মিটি তার অভিনীত চরিত্রে বাস্তবতার ছাপ ফুটিয়ে তুলেছিলেন। একই সঙ্গে প্রতিবন্ধিতা সম্পর্কে সচেতনতা ও অন্তর্ভুক্তির পক্ষে কাজ করার জন্য একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন।’

মিটির মৃত্যুর খবরের প্রতিক্রিয়ায় ক্র্যানস্টন লিখেছেন, ‘আজ রাতে এ কথাগুলো লিখতে গিয়ে আমি গভীর শোক ও হতাশায় ডুবে আছি। ব্রেকিং ব্যাডে আমার আদরের ছেলে আরজে মিটি মারা গেছে।’

তিনি আরো লেখেন, ‘ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয়ের জন্য যখন ওকে নির্বাচন করা হয়, তখন ওর বয়স ছিল মাত্র ১৪ বছর। ওর মধ্যে কী দারুণ আনন্দ আর উদ্দীপনা ছিল! জন্ম থেকেই সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিল সে। কিন্তু এ শারীরিক সীমাবদ্ধতাকে কখনই কোনো কাজ না করার অজুহাত হতে দেয়নি। শুটিংয়ের কঠোর সময়সূচির মুখোমুখি হয়েছে অসাধারণ দৃঢ়তা ও সংকল্প নিয়ে।’

মিটি ‘ইউনাইটেড সেরিব্রাল পালসি’ ও ‘শ্রাইনার্স চিলড্রেনস’-এর দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি নিজের প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা মিটি ফাউন্ডেশনের সভাপতি ছিলেন। সংস্থাটি বিভিন্ন মানবহিতৈষী উদ্যোগে সহায়তা করার পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা ও গতানুগতিক দৃষ্টিভঙ্গি ভাঙতে কাজ করত।

মৃত্যুর আগে নতুন সিনেমা ‘টকিং টু স্ট্রেঞ্জার্স’-এর প্রচারে ব্যস্ত ছিলেন তিনি। নেটফ্লিক্সের সুপারহিরো সিরিজ ‘দ্য গার্ডিয়ানস অব জাস্টিস’-এ মাইন্ড মাস্টার চরিত্রেও অভিনয় করেছেন মিটি। তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘দ্য রিকল’ (২০১৭) এবং ‘দ্য ওক রুম’ (২০২০)।

সূত্র: ভ্যারাইটি

আরও