রুনা খানের নতুন সিনেমা ‘জলপবন’

বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজের ক্যারিয়ারে আলাদা জায়গা তৈরি করেছেন অভিনেত্রী রুনা খান। দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে তার বেশকিছু কাজ।

এবার নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে আসছেন এ অভিনেত্রী। জলপবন নামের সিনেমাটিতে নিরালা চরিত্রে অভিনয় করছেন তিনি। এটি পরিচালনা করছেন রাজন তালুকদার।

সুনামগঞ্জের হাওর এলাকায় এ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রুনা খান। ১৫ আগস্ট থেকে সেখানে শুরু হয়েছে জলপবনের শুটিং। আগস্টজুড়েই চলবে এর কাজ।

সিনেমাটি প্রসঙ্গে রুনা খান বলেন, ‘এটি মূলত অপেক্ষার গল্প। হাওর এলাকার মানুষের জীবনের গল্প উঠে আসবে এ সিনেমায়। আমাকে দেখা যাবে নিরালা চরিত্রে। এর বেশি এখন বলতে চাই না। তবে চরিত্রটি আমার পছন্দ হয়েছে বলেই যুক্ত হওয়া। খুব ভালো একটি কাজ হচ্ছে। আশা করছি, দর্শককে একটি ভালো সিনেমা উপহার দিতে পারব।’

জলপবন একটি স্বাধীন চলচ্চিত্র। সিনেমাটিতে রুনা খানের সঙ্গে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন সুশান্ত পৃথ্বীরাজ ও সামিউল হক।

সিনেমার কাস্ট নিয়ে রুনা খান বলেন, ‘এটি একটি স্বাধীন চলচ্চিত্র। তাই পরিচিত তেমন কেউ নেই। নির্মাতা রাজন তালুকদারের এটি যেমন প্রথম সিনেমা, তেমনি অভিনয়শিল্পী-কলাকুশলীদেরও অনেকের প্রথম সিনেমা। তবে সবার ভালো করার যোগ্যতা আছে।’

নির্মাতা রাজন তালুকদার বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন। সুশান্ত প্রাচ্যনাট থিয়েটারের সদস্য। অন্যদিকে সামিউল হক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে পড়াশোনা করেছেন। সিনেমাটিতে স্থানীয় আরো অনেক অভিনয়শিল্পী যুক্ত হয়েছেন, যাদের অনেকে থিয়েটারের সঙ্গে জড়িত।

এদিকে মুক্তির প্রস্তুতি নিচ্ছে রুনা খান অভিনীত ‘লীলা মন্থন’। জাহিদ হোসেন পরিচালিত সিনেমাটি শিগগির সার্টিফিকেশন বোর্ডে জমা পড়বে বলে জানিয়েছেন নির্মাতা। ছাড়পত্র পাওয়ার পর মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এতে রুনা খানের সহশিল্পী শহীদুজ্জামান সেলিম।

এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে রুনা খান অভিনীত আরো দুটি সিনেমা। এর মধ্যে রয়েছে মাসুদ পথিকের ‘বক’ ও কৌশিক শংকর দাসের ‘দাফন’।

আরও