‘ব্রহ্মাস্ত্র ২’-এ অমৃতা হয়ে ফিরতে পারেন দীপিকা

‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান—শিবা’য় অমৃতা চরিত্রে দীপিকা পাড়ুকোনের উপস্থিতি ছিল মাত্র কয়েক মুহূর্তের। তবে সেই স্বল্প উপস্থিতিই দর্শকের মনে নানা প্রশ্ন ও কৌতূহল তৈরি করেছিল।

শিবার মা অমৃতাকে ঘিরে প্রথম সিনেমাতে যে রহস্যের সূত্র দেয়া হয়েছিল, তারই বিস্তার ঘটতে পারে দ্বিতীয় কিস্তিতে। আর সে চরিত্রে আবারো দেখা যেতে পারে দীপিকাকে।

অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র ২’-এ অমৃতা চরিত্রে দীপিকার সঙ্গে নির্মাতাদের আলোচনা চলছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। তবে এখনো অভিনেত্রীর চূড়ান্ত সম্মতি মেলেনি। তার ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার সঙ্গে সিনেমার শুটিংয়ের সময়সূচি মেলানো সম্ভব হবে কিনা সেটিই এখন বড় বিষয়। ফলে আলোচনা জোরালো হলেও আনুষ্ঠানিক ঘোষণা আসতে আরো সময় লাগতে পারে। অমৃতার চরিত্রে দীপিকাকে নেয়ার আগ্রহের পেছনে পর্দায় তার শক্তিশালী উপস্থিতিকে গুরুত্ব দিচ্ছেন নির্মাতারা।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, প্রথম সিনেমাতে শিবা ও ইশার প্রেমের গল্পের পাশাপাশি ‘অ্যাস্ট্রাভার্স’-এর অতিপ্রাকৃত জগতের সঙ্গে দর্শকের পরিচয় করিয়ে দেয়া হয়েছিল। এবার সেই জগতের আরো গভীরে যাওয়ার পাশাপাশি অমৃতার অতীত ও তার সঙ্গে দেবের সম্পর্কও গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। এরই মধ্যে ‘ব্রহ্মাস্ত্র ২’-এর চিত্রনাট্য ও প্রাক-প্রযোজনার কাজ এগিয়ে চলছে। দ্বিতীয় কিস্তিকে আরো বড় পরিসরে পর্দায় আনতে চাইছেন পরিচালক। ২০২৭ সালের এপ্রিল থেকে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।

দ্বিতীয় পর্বে গল্পের গুরুত্বপূর্ণ অংশজুড়ে থাকবে দেব ও অমৃতা। প্রথম সিনেমার শেষদিকে দেবকে ঘিরে যে রহস্য তৈরি হয়েছিল, দ্বিতীয় কিস্তিতে তারই বিস্তারিত উন্মোচন হতে পারে। ফলে অমৃতা শুধু শিবার মা হিসেবে নয়, ‘অ্যাস্ট্রাভার্স’-এর গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবেও সামনে আসতে পারেন।

অন্যদিকে শিবা ও ইশা চরিত্রে আবারো ফিরছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। দ্বিতীয় কিস্তিতে আলিয়ার উপস্থিতিও আগের তুলনায় বাড়তে পারে। রণবীরের জন্যও সিনেমাটি হতে যাচ্ছে বড় চ্যালেঞ্জ। তাকে একই সঙ্গে শিবা ও দেব—দুই চরিত্রেই দেখা যেতে পারে। একই সঙ্গে দুই চরিত্রের সম্পর্ক ও সংঘাতের মধ্য দিয়ে ‘ব্রহ্মাস্ত্র’-এর পৌরাণিক ও অতিপ্রাকৃত জগৎকে আরো বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। তবে সিনেমার মূল গল্পে দেব ও অমৃতাকে ঘিরে নতুন অধ্যায়ই বেশি গুরুত্ব পেতে পারে।

২০২২ সালে মুক্তি পাওয়া ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান—শিবা’য় রণবীর ও আলিয়ার পাশাপাশি অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায় ও ডিম্পল কাপাডিয়া। বিশেষ চরিত্রে ছিলেন শাহরুখ খান। ভারতীয় পুরাণ, পৌরাণিক অস্ত্রের ধারণা ও আধুনিক ফ্যান্টাসির মিশেলে অয়ন মুখার্জির তৈরি ‘অ্যাস্ট্রাভার্স’-এর প্রথম অধ্যায়ের পর থেকেই পরবর্তী কিস্তি নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরও