কান্ট্রি সংগীতশিল্পী এলা ল্যাংলি। ‘ইউ লুক লাইক ইউ লাভ মি’ ও ‘চুজিন টেক্সাস’ তার জনপ্রিয় গান। গানের জনপ্রিয়তার সঙ্গে বাড়ছে ভক্তের সংখ্যাও। তবে সম্প্রতি নিরাপত্তা হুমকির কারণে যুক্তরাষ্ট্রের ওকলাহোমার তুলসায় তার কনসার্ট বাতিল করা হয়েছে। এ হুমকির পর দর্শক, অনুষ্ঠানস্থলের কর্মী ও তার নিজস্ব দলের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে কনসার্ট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন এলা ল্যাংলি। স্থানীয় কর্তৃপক্ষ, অনুষ্ঠানস্থলের কর্মকর্তা এবং শিল্পীর নিরাপত্তা দলের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে এলা বলেন, ‘আমি জানি, একটি কনসার্টে আসার জন্য কতটা সময়, যাতায়াত, অর্থ ও পরিকল্পনা ব্যয় করতে হয়। আপনাদের কাছে আমি কতটা দুঃখিত, তা ভাষায় প্রকাশ করতে পারব না।’