চরিত্রে বৈচিত্র্য চান নিশাত প্রিয়ম

‘বিহান’-এ শিউলি চরিত্রে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম। এখানে তাকে দেখা গেছে একজন আইনজীবীর চরিত্রে।

নানা ধরনের গল্প ও চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের নজর কেড়েছেন অভিনেত্রী নিশাত প্রিয়ম। সম্প্রতি তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিহান’ প্রশংসা কুড়িয়েছে। এছাড়া ধারাবাহিক নাটকসহ তার অন্য কাজগুলোও রয়েছে দর্শক আলোচনায়।

নারী নেতৃত্বের পথে প্রতিদিনের দৃশ্যমান ও অদৃশ্য বাধাগুলো উঠে এসেছে ‘বিহান’-এ। শিউলি ও রাখিকে ঘিরে আবর্তিত হয়েছে চলচ্চিত্রটির গল্প। পেশাজীবনে এগিয়ে চলার পথে তারা নানা চাপ, প্রত্যাশা ও অদৃশ্য বাধার মুখোমুখি হয়। একই সঙ্গে একজন নারী যখন নিজের কণ্ঠ, সক্ষমতা ও নেতৃত্বের সম্ভাবনাকে নতুন করে চিনতে শুরু করেন, তখন পরিবর্তনের কী সম্ভাবনা তৈরি হতে পারে, সেই প্রশ্ন সামনে এনেছে চলচ্চিত্রটি।

‘বিহান’-এ শিউলি চরিত্রে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম। এখানে তাকে দেখা গেছে একজন আইনজীবীর চরিত্রে।

নিজের চরিত্র নিয়ে অভিনেত্রী বলেন, ‘শিউলি অন্যের হয়ে অনেক কথা বলতে পারে কিন্তু নিজের বেলায় ঠিক সময় ঠিক কথাটা বলতে পারেনি। কথাটা একটি শব্দের। এই একটি শব্দ বলতে গিয়ে তার জীবনে ঘটে যায় অনেক ঘটনা। এর থেকে আর বেশি কিছু বলা বারণ আছে। তবে এটুকু বলতে পারি, এ ঘটনাগুলো দেখলে দর্শকের জীবনের অনেক ঘটনা মনে পড়ে যাবে। এ শিউলিকে দেখার মধ্য দিয়ে নিজের কথাগুলো দর্শক নতুন করে ভাববে।’

এর আগে আইনজীবীর চরিত্রে অভিনয় করেননি নিশাত প্রিয়ম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চরিত্রটি করতে গিয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে নির্মাতা হেমন্ত সাদীক ভাই যেভাবে এই চরিত্রটি প্লে করতে সাহায্য করেছেন, তা অবিশ্বাস্য। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ।’

‘বিহান’ নিয়ে দর্শকের প্রতিক্রিয়া প্রসঙ্গে নিশাত বলেন, ‘দারুণ সাড়া পাচ্ছি। বিহান দেখার পর অনেকে ফোন করে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। একজন অভিনেত্রী হিসেবে এটা ভালো লাগার বিষয়। সেই সঙ্গে এটা আমার কাছে আরো ভালো কাজের অনুপ্রেরণা।’

অভিনয়ের ক্ষেত্রে নিজেকে নির্দিষ্ট কোনো ধরনের চরিত্রে সীমাবদ্ধ রাখতে চান না নিশাত প্রিয়ম। রোমান্টিক, রহস্য, থ্রিলার, সামাজিক কিংবা নারীপ্রধান—বিভিন্ন ধরনের গল্প ও চরিত্রে কাজ করার আগ্রহ রয়েছে তার।

বর্তমানে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত আছেন নিশাত। অভিনেত্রী জানান, ‘মিডল ক্লাস ফ্যামিলি’ ও ‘ঘরে বাইরে’ ধারাবাহিকে কাজ করছেন তিনি। এছাড়া কয়েকটি নাটক ও ওটিটির কিছু প্রজেক্ট নিয়ে কথা চলছে। গল্প দেখছেন, নিজের পছন্দের চরিত্র পেলে সেসব কাজে যুক্ত হবেন বলেও জানান অভিনেত্রী।

আরও