জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা। মিষ্টি হাসি আর অসাধারণ অভিনয়ে লাখো মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে তাই ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই। তবে এবার তাদের কৌতূহলের অনেকটাই অবসান ঘটিয়েছেন তিনি। রীতিমতো নিজের প্রেমের সম্পর্কের ঘোষণা দিয়েছেন।
সোমবার (২৯ জুন) দুপুরে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে বিষয়টির ইঙ্গিত দেন নীহা। এক পোস্টে তিনি লেখেন, ‘এনগেজড’।
যদিও পোস্টে বিয়ে, বাগদান নাকি প্রেম—সেসব বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। কারও নামও প্রকাশ করেননি। ফলে বিষয়টি নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। অনেকেই ধারণা করছেন, অভিনেত্রী বাগদান সেরে ফেলেছেন।
এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে নীহা বলেন, ‘এনগেজমেন্টের কথা বলিনি। আমি লিখেছি "এনগেজড"। তার মানে আমি এখন আর সিঙ্গেল নই। কারও না কারও সঙ্গে সম্পর্কে আছি।’
তবে কার সঙ্গে সম্পর্কে আছেন, সে বিষয়ে খোলাসা করেননি অভিনেত্রী। সময় হলে তার পরিচয় প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।
মাস চারেক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, নীহা বিয়ে করেছেন। তবে সে সময় খবরটি সত্য নয় বলে জানান অভিনেত্রী। এবার নিজেই সম্পর্কের ঘোষণা দিলেন তিনি।
শোবিজ অঙ্গনে নীহার ক্যারিয়ার খুব বেশি সময়ের নয়। ২০২৩ সালের ঈদুল ফিতরে ‘লাভ সেমিস্টার’ নাটকের মাধ্যমে তার অভিষেক হয়। প্রথম নাটকেই দর্শকদের মনে দারুণ প্রভাব ফেলেন তিনি। এরপর ‘আশিকি’, ‘যুগল’, ‘মন দুয়ারী’, ‘মেঘবালিকা’, ‘নীলাঞ্জনা’, ‘জনম জনমে’, ‘মায়াপাখি’সহ বেশ কিছু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। জিয়াউল ফারুক অপূর্ব, ফারহান আহমেদ জোভানসহ প্রথম সারির একাধিক অভিনেতার সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে দেখা গেছে তাকে।