ক্যারিয়ারের ২৫ বছরে লেজার ভিশনের সঙ্গে চয়নিকা চৌধুরী

বাংলাদেশের নাট্যাঙ্গনের গুরুত্বপূর্ণ নির্মাতা চয়নিকা চৌধুরী। তার প্রতিটি নাটকের গল্প ও শিল্পীদের প্রাণবন্ত অভিনয় বারবার দর্শককে মুগ্ধ করেছে।

পরিচালনায় রজতজয়ন্তী (২৫ বছর) পার করছেন তিনি। এবার লেজার ভিশনের সঙ্গে কাজ করছেন চয়নিকা। প্রতিষ্ঠানটির প্রযোজনায় চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘বিষণ্ন মেঘ’। নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফীন তন্বি।

এতে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম, অভিনেতা ইরফান সাজ্জাদ ও এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। আরো অভিনয় করেছেন ডলি জহুর ও মিলি বাশার।

নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে মম বলেন, ‘চয়নিকাদির নির্মাণে ২৫ বছর সময় পার করেছেন। সে উদযাপনেই আমরা বিষণ্ন মেঘ নাটকটিতে অভিনয় করেছি। খুব সুন্দর গল্প, আশা করছি সবার ভালো লাগবে।’

ইরফান সাজ্জাদ বলেন, ‘একজন পরিচালক হিসেবে দিদির ২৫ বছরের পথচলা উপলক্ষে আমি বেশ কয়েকটি নাটকে অভিনয় করছি। ২৫টি বছর ধরে একই ধারাবাহিকতায় নির্মাণে থাকতে গেলে তাকে মেধাবী হতে হয়। নিঃসন্দেহে দিদি একজন মেধাবী পরিচালক। যে কারণে তিনি এতটা পথ পেরিয়ে আসতে পেরেছেন।’

এবারের নাটকটিও চয়নিকার নিজস্ব স্টাইলেই করা বলে জানান ইরফান। তিনি আরো বলেন, ‘দিদির প্রতিটি নাটকেই তার নিজস্বতা থাকে। শিল্পীদেরও তিনি এমনভাবে উপস্থাপন করেন যে দেখলেই দর্শক বুঝতে পারে, এটা তার নাটক। বিষণ্ন মেঘ তার প্যাটার্নের মধ্যেই একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে নির্মিত নাটক। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’

সাদিয়া আয়মান বলেন, ‘তিনি আসলে ভীষণ গোছানো একজন পরিচালক। আমার ক্যারিয়ারের শুরু থেকেই আমি তার পরিচালনায় কাজ করেছি। আমি, দিদি, মম আপু আমরা প্রথম এক নাটকে একসঙ্গে কাজ করেছি। সব মিলিয়ে নাটকটিতে একটা বিশেষ ব্যাপার আছে। ক্যারিয়ারের ২৫ বছরে দিদিকে অনেক শুভ কামনা। সবচেয়ে বড় কথা, দিদি খুব চমৎকারভাবে রোমান্টিক গল্প বলতে পারেন। আশা করছি, বিষন্ন মেঘটাও দর্শকের মন ছুঁয়ে যাবে।’

লেজার ভিশনের সূত্রে জানায় গেছে, নাটকটি শিগগিরই এটিএন বাংলায় প্রচার হবে। এরপর প্রচার হবে লেজার ভিশনের ইউটিউব চানেলে।

আরও