চয়নিকার ২৫ বছর পূর্তিতে ‘রিহার্সেল’

চয়নিকা চৌধুরীর সঙ্গে এর আগে একাধিক নাটকে কাজ করেছেন পার্থ শেখ। নতুন নাটকটি প্রসঙ্গে পার্থ শেখ বলেন, ‘দিদির সঙ্গে কাজ করাটা আমার কাছে সবসময়ই ভীষণ ভালো লাগার।

নির্মাণে ২৫ বছর পূর্ণ করেছেন চয়নিকা চৌধুরী। দীর্ঘ এ সময়ে তার নির্দেশনায় কাজ করেছেন দেশের বিভিন্ন প্রজন্মের অভিনয়শিল্পী। ২৫ বছরের নির্মাণযাত্রা উপলক্ষে এবার ‘রিহার্সেল’ নামে নতুন নাটক নির্মাণ করেছেন তিনি। এতে অভিনয় করেছেন পার্থ শেখ ও সাদনিমা বিনতে নোমান। নাটকটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন চয়নিকার ছেলে অনন্য প্রতীক চৌধুরী। সাদনিমা এবারই প্রথম চয়নিকা চৌধুরীর নির্দেশনায় নাটকে অভিনয় করেছেন।

চয়নিকা চৌধুরীর সঙ্গে এর আগে একাধিক নাটকে কাজ করেছেন পার্থ শেখ। নতুন নাটকটি প্রসঙ্গে পার্থ শেখ বলেন, ‘দিদির সঙ্গে কাজ করাটা আমার কাছে সবসময়ই ভীষণ ভালো লাগার। নির্মাণে দিদির ২৫ বছরের পথচলা উপলক্ষে এ নাটক নির্মাণ হয়েছে। যে কারণে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। স্ক্রিপ্টটি খুব সুন্দর। পুরো টিমটাও দারুণ। যে কারণে কাজ করতে অনেক ভালো লেগেছে।’

এর আগে চয়নিকা চৌধুরীর সঙ্গে কাজ করার কথা থাকলেও তা হয়ে ওঠেনি সাদনিমার। এবার তার নির্দেশনায় প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী বলেন, ‘দিদির নির্দেশনায় তার নাটকে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে। আগেও তার সঙ্গে কাজ করার কথা ছিল, কিন্তু হয়ে ওঠেনি। নির্মাণে তার ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সে উপলক্ষে নাটকটি নির্মিত। সে কারণে এ নাটকে অভিনয় করাটাকে বিশেষ কিছু মনে করছি। নিজের মাঝে একটা আলাদা ভালো লাগাও কাজ করছে।’

নাটকটি প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, ‘সারা বাংলাদেশের নাটকপ্রেমী দর্শকের প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা। দর্শকের এ ভালোবাসাই আমার সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা। অনন্য অনেক চমৎকার একটি গল্প লিখেছে, যে গল্পটা আগে কখনো কেউ দেখেনি। সবাই নাটকটি দেখার পর শুধু এতটুকুই বলবে, আরে এমন হতে পারে!’

শিগগিরই একটি টেলিভিশন চ্যানেলে প্রচারের পর নাটকটি ‘রঙ্গন এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

আরও