প্রয়াত শেখ ইশতিয়াকের জনপ্রিয় গান 'টিপ টিপ বৃষ্টি'। সংগীতশিল্পী শাহ হামজা গানটিকে প্রগ্রেসিভ রক কভার হিসেবে নতুনভাবে উপস্থাপন করেছেন। মূল গানের আবেগ ও আবেদন অক্ষুণ্ণ রেখে আধুনিক রক সংগীতের ছোঁয়ায় গানটিকে নতুন রূপ দেওয়া হয়েছে। নতুন প্রজন্মের কাছে গানটি পৌঁছে দেয়ার প্রয়াসেই এই আয়োজন বলে জানান শাহ হামজা।
তিনি বলেন, ‘‘টিপ টিপ বৃষ্টি’ আমার সব সময়ের অন্যতম প্রিয় গান। এই গানটি শুধু একটি জনপ্রিয় গান নয়, এটি আমাদের প্রজন্মের অসংখ্য মানুষের স্মৃতি, ভালোবাসা এবং অনুভূতির অংশ। আমি মূল গানটিকে পরিবর্তন করতে চাইনি। বরং প্রয়াত শেখ ইশতিয়াক ভাইয়ের প্রতি গভীর শ্রদ্ধা রেখে প্রগ্রেসিভ রকের ভাষায় গানটিকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।"
মিউজিক ভিডিওর গল্প প্রসঙ্গে শাহ হামজা বলেন, ‘এটির মিউজিক ভিডিওর গল্প নির্মিত হয়েছে দুই ভিন্ন দেশের দুই মানুষের ভালোবাসাকে কেন্দ্র করে। একদিকে নিউইয়র্কের প্রকৃতি, অন্যদিকে বাংলাদেশের বর্ষা—দুটি ভৌগোলিক অবস্থান, কিন্তু অনুভূতি একটিই। বৃষ্টি, অপেক্ষা, স্মৃতি এবং ভালোবাসার আবেগকে সিনেম্যাটিক ভাষায় তুলে ধরা হয়েছে পুরো ভিডিওতে।’
গানটির সংগীতায়োজন ও মিউজিক প্রোডাকশন করেছেন জাহিদ বাসার পঙ্কজ। ভিডিও পরিচালনায় সুস্ময় ইকবাল। এতে শাহ হামজার সঙ্গে মডেল হয়েছেন জান্নাতুল ফেরদৌস শিমলা।