মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ার মারা গেছেন

চলতি বছরের মে মাসে প্রকাশিত স্মৃতিকথা ‘দিস ইজ মি: অ্যা রেকনিং’-এ নিজের জীবনের কঠিন সময়, মাতৃত্ব, বিষণ্নতা ও আসক্তি থেকে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা তুলে ধরেছিলেন হেইডেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ার মারা গেছেন। ‘হিরোস’ ও ‘ন্যাশভিল’ সিরিজের এই অভিনেত্রী ৩৬ বছর বয়সে রোববার মারা যান। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি।

হেইডেনের বাবা স্কিপ প্যানেটিয়ের এক বিবৃতিতে মেয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি জানান, হেইডেন ছিলেন অসাধারণ একজন মানুষ, যিনি কাছের মানুষদের পাশাপাশি পর্দায় অভিনয়ের মাধ্যমে লাখো দর্শকের জীবনেও আনন্দ ছড়িয়ে দিয়েছেন। এ সময় পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ করেন তিনি।

শিশুশিল্পী হিসেবে হেইডেনের অভিনয়জীবন শুরু হয়। মাত্র ১১ মাস বয়সে বিজ্ঞাপনে কাজ করেন তিনি। পরে অ্যানিমেটেড সিনেমা ‘এ বাগস লাইফ’-এ ডট চরিত্রে কণ্ঠ দেন। ‘রিমেম্বার দ্য টাইটানস’সহ বিভিন্ন সিনেমা ও টেলিভিশন প্রযোজনায় অভিনয়ের পর ২০০৬ সালে ‘হিরোস’ সিরিজে ক্লেয়ার বেনেট চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান।

‘হিরোস’-এর পর ‘ন্যাশভিল’ সিরিজে জুলিয়েট বার্নস চরিত্রে অভিনয় করে আরও প্রশংসা পান হেইডেন।

চলচ্চিত্রেও নিয়মিত কাজ করেছেন হেইডেন। ‘স্ক্রিম ৪’ ও ‘স্ক্রিম ৬’-এ কিরবি রিড চরিত্রে অভিনয় করেন তিনি। চলতি বছর মুক্তি পাওয়া মনস্তাত্ত্বিক থ্রিলার ‘স্লিপওয়াকার’-এও দেখা গেছে তাকে।

ব্যক্তিজীবনে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছেন হেইডেন। ২০১৪ সালে ইউক্রেনের সাবেক হেভিওয়েট বক্সার ভ্লাদিমির ক্লিচকোর সঙ্গে তার মেয়ে কায়ার জন্ম হয়। পরবর্তী সময়ে মেয়ের পূর্ণ হেফাজত ক্লিচকোর কাছে দেন তিনি। মাতৃত্ব-পরবর্তী বিষণ্নতা ও আসক্তির সঙ্গেও দীর্ঘদিন লড়াই করেছেন অভিনেত্রী।

চলতি বছরের মে মাসে প্রকাশিত স্মৃতিকথা ‘দিস ইজ মি: অ্যা রেকনিং’-এ নিজের জীবনের কঠিন সময়, মাতৃত্ব, বিষণ্নতা ও আসক্তি থেকে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা তুলে ধরেছিলেন হেইডেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আরও