দুই দশক পর একসঙ্গে অক্ষয়-রাভিনা, ‘একটুও বদলায়নি’ বললেন নায়িকা

অক্ষয়ের সঙ্গে আবার কাজের অভিজ্ঞতা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে রাভিনা বলেন, এত বছর পর আবার কাজ করতে পেরে খুব ভালো লেগেছে। তার মধ্যে একটুও পরিবর্তন আসেনি। এখনো আগের মতোই ভীষণ পরিশ্রমী, নিবেদিতপ্রাণ এবং কাজের প্রতি ভীষণ মনোযোগী

২২ বছর পর আবারো একই ছবিতে দেখা দিলেন বলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন। অবশ্য ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ তারা পরস্পরের বিপরীতে অভিনয় করেননি। তা সত্ত্বেও দুজনের একসঙ্গে পর্দায় ফেরা নব্বইয়ের অনেক দর্শকদের জন্য নস্টালজিয়ার মুহূর্ত হয়ে উঠেছে।

অক্ষয়ের সঙ্গে আবার কাজের অভিজ্ঞতা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে রাভিনা বলেন, ‘এত বছর পর আবার কাজ করতে পেরে খুব ভালো লেগেছে। তার মধ্যে একটুও পরিবর্তন আসেনি। এখনো আগের মতোই ভীষণ পরিশ্রমী, নিবেদিতপ্রাণ এবং কাজের প্রতি ভীষণ মনোযোগী।’

তিনি আরো বলেন, ‘একটি প্রজেক্টের সঙ্গে অক্ষয় কতটা জড়িত থাকে, তা সেটে গেলেই বোঝা যায়। তার সাফল্য পুরোপুরি কঠোর পরিশ্রমের ফল। খুব সহজে তিনি কিছু পেয়ে যান না। সত্যিই ভীষণ পরিশ্রমী। সেটে তার মতো এতটা নিবেদিতপ্রাণ মানুষ খুব কমই দেখা যায়।’

একসময় অক্ষয় ও রাভিনার প্রেম বলিউডের সবচেয়ে আলোচিত সম্পর্কগুলোর একটি ছিল। তবে অতীতকে পেছনে ফেলে পেশাদারত্বের সঙ্গে আবারো একসঙ্গে কাজ করেছেন দুজন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক আহমেদ খান জানান— রাভিনাকে ছবির প্রস্তাব দেয়ার সময় অক্ষয় প্রসঙ্গে বলেছিলেন, ‘তাতে কী হয়েছে? আমরা প্রত্যেকে শিল্পী। সবাই এখন পরিণত। আমরা সবাই বন্ধু, আর সেটে দারুণ মজা করব।’

আহমেদ খান আরো জানান, ছবির একটি নাচের দৃশ্যে অক্ষয় ও রাভিনা একসঙ্গে শুটিং করার সময় পুরো সেট করতালিতে মুখরিত হয়ে উঠেছিল।

অক্ষয়-রাভিনা জুটির নাম উঠলেই আজও দর্শকের মনে ভেসে ওঠে ‘মোহরা’ ছবির জনপ্রিয় গান ‘তু চিজ বড়ি হ্যায় মাস্ত মাস্ত’ এবং ‘টিপ টিপ বরসা পানি’। এ ছবিতে তাদের সঙ্গে সুনীল শেঠি। এর পর তিনজন আবার এক হলেন ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ।

আরও