মাইকেল জ্যাকসনের বায়োপিকের মাধ্যমে বড়পর্দায় অভিষেক জাফর জ্যাকসনের। বিলিয়ন ডলার আয় করা সেই মিউজিক্যাল সিনেমার পর এবার অ্যাকশন-থ্রিলারে নাম লেখাচ্ছেন তিনি।
হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুসারে, সিনেমাটির নাম ‘সুপারম্যাক্স’। পরিচালনা করছেন ডেভিড গর্ডন গ্রিন। আর ছবির কেন্দ্রীয় ভূমিকায় আছেন হলিউডের প্রথম সারির আরেক তারকা উইল স্মিথ।
আগেই জানা গিয়েছিল, ‘সুপারম্যাক্স’-এ এফবিআই এজেন্টের চরিত্রে অভিনয় করবেন উইল স্মিথ ও আনা সোফিয়া রব। সর্বোচ্চ নিরাপত্তায় ঘেরা কুখ্যাত এক কারাগারের ভেতরে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত করবেন তারা। সিনেমাটি নির্মাণ করছে অ্যামাজন এমজিএম স্টুডিওস ও মিরামাক্স।
জাফর জ্যাকসনের বাবা কিংবদন্তি সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের বড় ভাই জারমেইন জ্যাকসন। অ্যান্টনি ফুকোয়া পরিচালিত চলচ্চিত্র ‘মাইকেল’-এ চাচার ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। মাইকেলের বিখ্যাত নাচের স্টেপ মুনওয়াক, রোবট, স্পিন ও টো স্ট্যান্ড দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন জাফর।
চলচ্চিত্র সমালোচক ডেভিড রুনি পর্যালোচনায় লিখেছেন, ‘মাইকেলের সেই কোমল, শান্ত কণ্ঠস্বর দারুণভাবে ফুটিয়ে তুলেছেন জাফর, যার মাধ্যমে তিনি শিশুসুলভ সরলতা ও ভঙ্গুরতা প্রকাশ করতেন। একই সঙ্গে নিজের ক্যারিয়ার এগিয়ে নেয়ার ক্ষেত্রে তার অটল মনোযোগও তুলে ধরেছেন। ভক্তদের সঙ্গে সাক্ষাৎ কিংবা শিশু ক্যান্সার ওয়ার্ডে রোগীদের দেখতে যাওয়ার দৃশ্যে শিশুদের প্রতি মাইকেলের স্বাভাবিক আন্তরিকতাও তিনি বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করেছেন।’
সিনেমাটি বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলারের বেশি আয় করে। এটি এখন সবচেয়ে বেশি আয়ের বায়োপিক।
‘সুপারম্যাক্স’-এ জাফরের চরিত্র কী হতে যাচ্ছে তা এখনো জানা যায়নি। অ্যাকশন থ্রিলারটির শুটিং শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে। স্ট্রিমিং প্লাটফর্ম প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এ সিনেমা।